আইসিসির অনুমোদন পেল টেস্ট ও ওয়ানডে লিগ

আইসিসির অনুমোদন পেল টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ওয়ানডে লিগ। নিউজিল্যান্ডের অকল্যান্ডে চলমান আইসিসির বোর্ড সভায় শুক্রবার এই অনুমোদন দেওয়া হয়। টেস্টে শীর্ষে থাকা ৯ দলের সমন্বয়ে ২০১৯ সাল থেকে চ্যাম্পিয়নশিপ শুরু হবে। ২০২১ সালের এপ্রিলে শীর্ষে থাকা দুটি দলের মধ্যে হবে চ্যাম্পিয়নশিপ ফাইনাল।
 
এই সময়ের মধ্যে প্রত্যেকটি দল খেলবে ছয়টি করে সিরিজ। যার মধ্যে তিনটি হোম ও তিনটি হবে অ্যাওয়ে ম্যাচ। প্রত্যেক সিরিজে অন্তত দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে, তবে এটা অ্যাশেজের মতো পাঁচটিতে বৃদ্ধি করা যাবে।
 
অপরদিকে ওয়ানডে লিগ হবে ১৩টি শীর্ষ দলকে নিয়ে। যা ২০২০-২১ মৌসুমে শুরু হয়ে চলবে ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত। প্রত্যেক দল খেলবে ৮টি করে সিরিজ। প্রত্যেক সিরিজে অন্তত তিনটি করে ম্যাচ থাকবে।
 
আইসিসির চেয়ারম্যান শশাঙ্ক মনোহর এই সিদ্ধান্তে উচ্ছ্বাস প্রকাশ করে বলেছেন, একটা ঐক্যমতে পৌছতে পারায় আমি আইসিসির সকল সদস্য দেশকে অভিনন্দন জানাই। এর মাধ্যমে দ্বিপাক্ষিক ক্রিকেট কোনো চ্যালেঞ্জে পড়বে না। তবে এ ব্যাপারে আমরা প্রথমবারের মতো একটা সমাধানে পৌঁছতে সক্ষম হয়েছি।’
 
ইত্তেফাক/কেআই