অ্যাটলেটিকোয় থামল বার্সার জয়রথ

শেষ পর্যন্ত লা লিগায় বার্সেলোনার জয়রথ থেমেছে। প্রথম সাত ম্যাচ জয়ের পর লিগের অষ্টম ম্যাচে এসে পয়েন্ট হারালেন মেসি-সুয়ারেজরা। শনিবার রাতে অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে ১-১ গোলে ড্র করে কাতালানরা। তবে ৮ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই আছে বার্সেলোনা। ১৭ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ দ্বিতীয় ও এক পয়েন্ট কম নিয়ে অ্যাটলেটিকোর অবস্থান টেবিলে তৃতীয় স্থানে।
 
আটলেতিকোর নতুন মাঠ মেত্রোপলিতানো স্টেডিয়ামে প্রথমার্ধে সাউল নিগেস এগিয়ে দেন স্বাগতিকদের। খেলার ২১ মিনিটে প্রায় ২৫ গজ দূর থেকে জোরালো শটে ডান পোস্ট দিয়ে গোল করেন স্প্যানিশ এই মিডফিল্ডার।
IMG0
তাই হারের শঙ্কা নিয়ে দ্বিতীয়ার্ধের বেশিরভাগ সময় কাটায় বার্সেলোনা। তবে ৮২ মিনিটে লুইস সুযারেজের গোলে সেই শঙ্কা কাটে। ডান দিক থেকে সের্হি রবের্তোর ক্রসে দুর্দান্ত হেডে সমতা ফেরান উরুগুইয়ান স্ট্রাইকার। বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয় দুদলকে।
 
ইত্তেফাক/কেআই