ভাইরাস জ্বরে আক্রান্ত মোসাদ্দেক

বাঁ-চোখের কর্নিয়ায় ভাইরাল ইনফেকশনে দুই মাস ভুগেছেন। এরপর সুস্থ হয়ে ওঠছিলেন। কিন্তু এবার নতুন করে ভাইরাস জ্বরে আক্রান্ত হয়েছেন ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকত। বিসিবির চিকিৎসক দেবাশীস চৌধুরী জানিয়েছেন, জ্বরের কারণেই অনুশীলনে যোগ দিতে পারছেন তরুণ এই ক্রিকেটার।
 
দেবাশীস চৌধুরী বলেন, ‘গত সপ্তাহে চোখের চিকিৎসকরা দেখার পর সৈকতকে অনুশীলন করার অনুমতি দিয়েছেন। তবে সে ভাইরাস জ্বরে আক্রান্ত হয়েছে। যে কারণে মিরপুরে এসে অনুশীলন করতে পারছে না। বাসায় বসে কিছু কিছু কাজ করছে।’
 
কলম্বোয় বাংলাদেশের শততম টেস্টে সাদা পোশাকে প্রথমবার মাঠে নামেন তিনি। অভিষেক ইনিংসে ৭৫ রানের ঝলমলে একটি ইনিংস খেলেন। তার আগে ১৮টি ওয়ানডে, ৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের আগমনবার্তা ছড়িয়ে দেন ২১ বছরের প্রতিভাবান এই তরুণ।
 
ইত্তেফাক/কেআই