যশোরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসির আদেশ

যশোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক অমিত কুমার দে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার দায়ে মঙ্গলবার স্বামীর ফাঁসির আদেশ দিয়েছেন। স্ত্রী নাজমা বেগমকে হত্যার দায়ে স্বামী যশোরের অভয়নগর উপজেলার ধোপাদী গ্রামের রফিকুল ইসলামকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানার আদেশ দেয়া হয়। দণ্ডিত রফিকুল ইসলাম পলাতক রয়েছেন। তিনি ধোপদী গ্রামের শহিদ আলীর ছেলে।
 
আদালত সূত্র মতে, রফিকুল ইসলাম অভয়নগর উপজেলার দক্ষিণ নওয়াপাড়ার মতিয়ার রহমানের মেয়ে নাজমা বেগমকে বিয়ে করেন। বিয়ের পর থেকে তিনি এক লাখ টাকা যৌতুক দাবি করে আসছিলেন। টাকা এনে না দেওয়ায় ২০০৭ সালের ২০ মে নাজমাকে মারপিট ও শ্বাসরোধে হত্যা করেন। এরপর তার মরদেহ ঘরের আড়ার সাথে ঝুলিয়ে আত্মহত্যার প্রচার চালানোর চেষ্টা করেন। এর পরদিন নাজমার বাবা হত্যার অভিযোগ এনে রফিকুলের নামে মামলা করেন।
 
দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় মঙ্গলবার দুপুরে বিচারক আসামি রফিকুল ইসলামকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। একইসঙ্গে খুনিকে এক লাখ টাকা জরিমানাও করেন।
 
ইত্তেফাক/এমআই