প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেছেন, শিক্ষকের দায়িত্ব শিক্ষার্থীদের মূল্যবোধ ও আদর্শের শিক্ষা দেয়া। শিক্ষকরা জাতির জ্ঞানের গতিকে বেগবান করার কাজে নিয়োজিত থাকেন, আদর্শীকতা ও মূল্যবোধের দ্বারা শিক্ষকরা সবার কাছে সম্মানের পাত্র।
আজ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে বিশ্ব শিক্ষক দিবস-২০১৭ উদযাপন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, শিক্ষকরা জাতিকে বাঁচিয়ে রাখেন, তারা হলেন উন্নত চিন্তা চেতনার ধারক। তারুণ্যের শক্তি আর জ্ঞানের সমন্বয়ে বিশ্ব জয় করবে বাংলাদেশ। বর্তমান জ্ঞানভিত্তিক বিশ্বে জ্ঞানের দাপট নিজেদের প্রমাণ করতে হবে। বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে অনেক কাজ করেছে যার ফলে বাংলাদেশের বিভিন্ন সূচকে উন্নতি করেছে এবং আন্তর্জাতিক অস্বাকৃতিও লাভ করেছে।
মোস্তাফিজুর রহমান আরো বলেন, বিশ্বে মানবসম্পদ হিসেবে নিজেদের অবস্থান দৃঢ় করতে জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক সবার সম্মিলিত প্রচেষ্টায় আগামী দিনের নেতৃত্বের গুণাবলি সম্পন্ন দক্ষ যুবসমাজ গড়ার মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ প্রতিষ্ঠাকে বেগবান করবে। বাসস
ইত্তেফাক/কেকে