আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম প্রধান নির্বাচন কমিশনারকে উদ্দেশ করে বলেছেন, এটা একটা সাংবিধানিক পোস্ট। আমরা আওয়ামী লীগের পক্ষ থেকে তাকে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের অনুরোধ করব। সব দল যাতে নির্বাচনে আসে সেই ব্যবস্থাও করতে বলব।
মঙ্গলবার দুপুরে মহাখালীতে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে সেন্ট্রাল নেবুলাইজার সিস্টেম আনুষ্ঠানিকভাবে উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রীর কার্যালয় পরিচালিত একসেস টু ইনফরমেশন (এটুআই) এ অনুষ্ঠান আয়োজন করে। এটুআই প্রকল্প এই পদ্ধতি উদ্ভাবন করে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে সংযোজন করে।
বিএনপির উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী বলেন, নির্বাচনের মাঠে খেলবেন না কেন? নির্বাচনে আসেন, জনগণের ওপর আস্থা রেখে বাকিটা ছেড়ে দেন। অনুষ্ঠানে উপস্থিত চিকিৎসকদের স্বাস্থ্যমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে মমতা দেখিয়েছেন সে জন্য লন্ডনের সাংবাদিকরা তাকে মাদার অব হিউম্যানিটি উপাধি দিয়েছেন। আমি আশা করব আপনারাও এখানকার রোগীদের মমতা ও সেবা দিয়ে চিকিৎসা করবেন।
এটুআই ও জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটকে স্বাগত জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনার সরকার সব সময়ই গরিব-দুঃখী জনগণের সরকার। এজন্যই এমন একটি কাজ এমন একটি হাসপাতালে এটুআই করেছে, যেখানে চিকিৎসা নিতে আসে গরীব মানুষ। বক্ষব্যাধি হাসপাতালও এটুআইর প্রস্তাব সানন্দে গ্রহণ করে এই পদ্ধতি চালু করেছে। এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকল।
ইত্তেফাক/এমআই