মুক্তিযুদ্ধের অনন্য মহিমা বিশ্ববাসীর কাছে তুলে ধরতে হবে : মেনন

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, পর্যটকদের আকৃষ্ট করতে হলে বিশ্ববাসীর কাছে একাত্তরের মুক্তিযুদ্ধের অনন্য মহিমা তুলে ধরতে হবে।
 
আজ বুধবার বাংলাদেশ ট্যুরিজম বোর্ড (বিটিবি) মিলনায়তনে এক প্রেস ব্রিফিং ও মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিটিবির সিইও ড. মো. নাসির উদ্দিন। 
 
রাশেদ খান মেনন বলেন, পাহাড়, নদী, সমুদ্র, সমতল বেষ্টিত পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্যের যেমন লীলাভূমি তেমনি ’৫২-র ভাষা আন্দোলন, ’৬৯-এর গণঅভ্যুত্থান, ’৭১-র মহান মুক্তিযুদ্ধ এ ভূখন্ডের মানুষকে দিয়েছে অনন্য মহিমা। বাংলাদেশর এ সৌরভ ও গৌরবের কথা বিশ্ববাসীর কাছে তুলে ধরতে হবে। এবং এর মধ্যদিয়ে এ দেশকে একটি ট্যুরিস্ট ডেস্টিনেশন হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। 
 
তিনি বলেন, পহেলা বৈশাখ, ২১ ফেব্রুয়ারি, অমার একুশের বইমেলা, ২৬ মার্চ ও ১৬ ডিসেম্বরের জনস্রোতকে ট্যুরিস্ট প্রোডাক্টে পরিণত করতে সরকার নানামুখি প্রচারণা চালাচ্ছে। বিশ্বব্যাপী বাংলাদেশকে ছড়িয়ে দিতে তিনি গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে বাংলাদেশকে তুলে ধরতে মোটরবাইকে পশ্চিমবঙ্গ ভ্রমণকারী পর্যটক দম্পতি আলমগীর আহমেদ চৌধুরী ও চৌধুরানী দিপালী আহমেদ তাদের অভিজ্ঞতা বিনিময় করেন। বাসস।
 
ইত্তেফাক/এমআই