ব্রাজিলে শিশু যৌন নিপীড়ক ধরতে অভিযান, গ্রেফতার ১০৮

ব্রাজিলে শিশু যৌন নিপীড়নকারীদের ধরতে লাতিন আমেরিকার সবচেয়ে বড় অভিযানে ১০৮ জনকে গ্রেফতার করা হয়েছে। ব্রাজিলের ২৪টি প্রদেশ ও রাজধানী ব্রাসিলিয়া থেকে সন্দেহভাজন ব্যক্তিদের গ্রেফতার করা হয়।
 
গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য, সরকারি কর্মচারী ও যুব ফুটবল ক্লাবের দায়িত্বে থাকা লোকজন রয়েছে। 
 
ব্রাজিলের বিচারমন্ত্রী তোরকুয়াতো জারদিম বলেন, গ্রেফতার হওয়া ব্যক্তিরা কম্পিউটার ও মোবাইল ফোনের মাধ্যমে শিশু পর্নোগ্রাফি ছড়ানোর চক্রের সঙ্গে জড়িত। ছয় মাস তদন্তের পরে এই অভিযান শুরু হল যাতে মার্কিন ও ইউরোপিয়ান অভিবাসন কর্মকর্তারা সংশ্লিষ্ট ছিলেন।
 
তদন্তকারীরা ১ লাখ ৫০ হাজার শিশু পর্নোগ্রাফি ফাইল খুঁজে পেয়েছেন। এগুলো ডার্ক ওয়েবের মাধ্যমে ব্রাউজ করা হয় যা বেশিরভাগ সার্চ ইঞ্জিনে খুঁজে পাওয়া যায় না। জারদিম বলেন, শিশু যৌন নিপীড়করা গ্রেফতার এড়াতে অত্যাধুনিক কৌশল ব্যবহার করেছে। তিনি বলেন, তারা বেআইনি ছবি দেশ বা দেশের বাইরে অন্য কারো কম্পিউটারে জমা করে। বেশিরভাগ সময় ওই ব্যক্তিরা জানে না তাদের কম্পিউটারে সেই ছবি জমা করা হচ্ছে।
 
এই অভিযান প্রাথমিকভাবে যেসব ব্যক্তি বেআইনি শিশু যৌন সংসর্গের ছবি শেয়ার করছে তাদের লক্ষ্য করে পরিচালিত হয়। কিন্তু অনেকগুলো কম্পিউটার, মোবাইল ফোন, সিডি ও হার্ড ড্রাইভ আটক করার পরে তদন্তকারীরা জানতে পারেন ওই চক্র ইন্টারনেটে ছাড়ার জন্য পর্নোগ্রাফি তৈরি করছে।
 
ছবিগুলোতে শিশু ও কিশোরদের যৌন নিপীড়নের হৃদয়বিদারক ছবি রয়েছে। এই অভিযানে অংশ নেয়া কর্মকর্তাদের কাছে বাবা মা এমনকি অন্যান্য আত্মীয়দের বিরুদ্ধেও অভিযোগ করে। বিবিসি।
 
ইত্তেফাক/সাব্বির