কুমিরের সঙ্গে যুদ্ধ করে বেঁচে ফিরলেন গৃহবধূ

কুমিরের সঙ্গে তুমুল লড়াই করে প্রাণে বেঁচে ফিরলেন নমিতা বেরা নামে এক গৃহবধূ৷ শুক্রবার সকালে অচিন্ত্যনগর এলাকার পাখিরালা নদীর তীরে এ ঘটনা ঘটে৷ গুরুতর আহত নমিতা বেরাকে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
জানা গেছে, অন্যান্য দিনের মতো এ দিন সকালে বাড়ির পাশে পাখিরালা নদীর তীরে ছাগল চরাতে গিয়েছিলেন নমিতা৷  এ সময় একটি কুমির নদীর পাড়ে উঠে ঘাপটি মেরে শুয়েছিল। আচমকা নমিতার বাঁ পায়ে কামড় বসায় কুমির৷ দৌড়ে পালানোর চেষ্টা করেও পারেননি৷ এরপর পা ধরে টেনে কুমিরটি তাকে নদীর জলে নিয়ে যায়৷ শরীরের সব ক্ষমতা দিয়ে নমিতা কুমিরটিকে মারতে থাকেন৷  কুমিরও তার পায়ের একাধিক জায়গায় কামড় বসায়৷ নমিতার চিৎকার শুনে স্থানীয় কয়েকজন যুবক দৌড়ে আসেন৷ গলা সমান জলে নেমে তারা কুমিরটির উপর চড়াও হন৷ প্রায় কুড়ি মিনিট ধরে কুমিরে মানুষে লড়াই চলে৷ এক পর্যায়ে নমিতাকে ছেড়ে দেয় কুমির।
 
নমিতা বলেন , ‘আগে কখনো কুমিরের মুখে পড়তে হয়নি৷ যখন বুঝতে পারলাম কুমির পায়ে কামড়েছে তখন নিজেকে বাঁচানোর প্রাণপণ চেষ্টা করলাম । আমার চিৎকার শুনে কয়েকজন যুবক চলে আসায় আমি প্রাণে বেঁচে যাই৷’
 
ইত্তেফাক/ইউবি