তাজমহলকে নিয়ে একের পর এক বিতর্কিত মন্তব্য

 
তাজমহলকে নিয়ে একের পর এক বিতর্কিত মন্তব্য করছেন ভারতের রাজনীতিবিদরা। এবার তাজমহল সম্পর্কে বিতর্কিত মন্তব্য করলেন হরিয়ানার মন্ত্রী অনিল ভিজ। 
 
আগ্রার এই প্রসিদ্ধ সৌধ সম্পর্কে সম্প্রতি বিজেপির উত্তরপ্রদেশের সারদানার বিধায়ক সঙ্গীত সোম বলেন, তাজমহল ভারতীয় সংস্কৃতির কলঙ্ক, যিনি এর নির্মাতা, নিজের বাবাকেই বন্দি করেছিলেন তিনি। এর রেশ কাটতে না কাটতেই হরিয়ানার স্বাস্থ্য ও ক্রীড়ামন্ত্রী ভিজ  টুইট করেন, তাজমহল এক চমৎকার সুন্দর কবরখানা। তবে এটা নতুন কিছু নয়, অতীতেও ভিজের নানা মন্তব্য বিতর্কের ঝড় তুলেছে। 
 
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথই জানিয়ে দেন, তাজমহল তৈরি হয়েছিল ভারতমাতার সন্তানদের ঘাম-রক্তে এবং তার সুরক্ষা সুনিশ্চিত করা উত্তরপ্রদেশ সরকারের দায়িত্ব। তবে আদিত্যনাথের স্পষ্ট ঘোষণা সত্ত্বেও বিতর্ক থামেনি। বিজেপির আরেক শীর্ষ নেতা বিনয় কাটিয়ার দাবি করেন, তাজমহল আদতে ছিল শিবের মন্দির, যার নাম ছিল তেজো মহল, পরবর্তীকালে তাকে স্মৃতিসৌধে পরিণত করেন মুঘল সম্রাট শাহজাহান।
 
ইত্তেফাক/ইউবি