কাতালোনিয়ার নেতৃত্বকে সরিয়ে দিয়ে সেখানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পরিকল্পনা গ্রহণ করেছেন স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাখয়। শনিবার জরুরি মন্ত্রিপরিষদ বৈঠক শেষে কাতালোনিয়া নেতৃত্ব বরখাস্তের পরিকল্পনার পাশাপাশি এই অঞ্চলে নির্বাচনের পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।
এই পদক্ষেপ কার্যকর করতে সেটি স্পেনের সিনেটে অনুমোদিত হতে হবে। কাতালোনিয়ায় স্বাধীনতা বিষয়ে গণভোট হওয়ার তিন সপ্তাহ পরে এই পরিকল্পনার ঘোষণা আসল। স্পেনের সুপ্রিম কোর্ট সেই গণভোটকে অবৈধ ঘোষণা করেছিল। কাতালান নেতা কার্লেস পুজদেমন স্পেনের জাতীয় সরকারের আবেদন প্রত্যাখ্যান করেই স্বাধীনতার পক্ষে গণভোট আয়োজন করে।
রাখয় বলেন, এর ফলে সরকারের কাতালোনিয়ায় সরাসরি শাসন বহাল করা ছাড়া আর কোনো উপায় রইলো না। কাতালান সরকারের কর্মকাণ্ড আইনের বিপক্ষে এবং বিবাদে জড়িয়ে পড়তে চাইছে। স্পেনের সংবিধানের ১৫৫ ধারা অনুযায়ী সংকটের সময়ে দেশের আধা স্বায়ত্তশাসিত অঞ্চলে সরাসরি শাসন জারি করতে পারে। আগামী এক সপ্তাহের মধ্যে স্পেনের সিনেটে এই বিষয়ে ভোট হবে।
সংবাদ সম্মেলনে স্পেনের প্রধানমন্ত্রী বলেন, এটা করা (১৫৫ ধারা কার্যকর) আমাদের ইচ্ছে ছিল না। স্প্যানিশ আইনানুযায়ী ১৫৫ ধারা কার্যকর করার ছয় মাসের মধ্যে নির্বাচন আয়োজন করতে হয়। রাখয় বলেছেন, এর থেকে অনেক কম সময়ের মধ্যে কাতালোনিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হবে।
রাখয়ের এই পরিকল্পনার বিরুদ্ধে কাতালোনিয়ায় বিক্ষুব্ধ জনগণ কাতালান পতাকা নিয়ে রাস্তায় নেমে আসে। কাতালোনিয়ার ভাইস প্রেসিডেন্ট ওরিয়ল জুনকুইরাস বলেন, রাখয় ও তার মিত্ররা শুধু কাতালোনিয়ার স্বায়ত্তশাসন বরখাস্ত করেননি তারা গণতন্ত্রকে বরখাস্ত করেছেন। কাতালান রাজধানী বার্সেলোনার মেয়র আদা কোলাও বলেন, এটি স্বাধীনতা ও অধিকারের উপর গুরুতর আক্রমণ। ফুটবল ক্লাব বার্সেলোনার প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তেমেউ বলেন, কাতালোনিয়ার জনগণের নির্বাচিত প্রতিনিধিদের প্রতি ক্লাবের পূর্ণ সমর্থন রয়েছে।
ইত্তেফাক/সাব্বির