ইরাকি কুর্দি নেতা মাসুদ বারজানিকে পদত্যাগ করার জন্য আহবান জানিয়েছে কুর্দিস্তানের বিরোধী দল গোরান। এর পাশাপাশি ইরাকি কর্তৃপক্ষের সাথে কুর্দিদের যে সংকট তৈরি হয়েছে, তা সমাধানের জন্য একটি ন্যাশনাল স্যালভেশান গভর্নমেন্ট বা জাতীয় মুক্তি সরকার গঠনের জন্যেও দাবি জানিয়েছে দলটি।
স্বাধীনতা নিয়ে গণভোটের পর ইরাকের কুর্দি জনগোষ্ঠী বর্তমানে যে ভোগান্তির ভেতর দিয়ে যাচ্ছে, তার জন্য কুর্দিস্তান ডেমোক্রেটিক পার্টির নেতা এবং স্বায়ত্তশাসিত কুর্দিস্তানের প্রেসিডেন্ট মাসুদ বারজানিকে দায়ী করেছে প্রধান বিরোধী দল গোরান বা চেঞ্জ মুভমেন্ট। ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তানের কুর্দিরা বাগদাদের নিষেধাজ্ঞা সত্ত্বেও গত ২৫ সেপ্টেম্বর স্বাধীনতা প্রশ্নে গণভোটের আয়োজন করে। গণভোটে কিরকুকের কুর্দিরাও অংশ নিয়েছিল। কুর্দিস্তানের স্বাধীনতার পক্ষে বিপুল ভোট পড়ার পর থেকেই বাগদাদের সরকারের সঙ্গে তাদের সংঘাত দানা বাঁধতে শুরু করে।
কুর্দিশ শহর সুলাইমানিয়াতে বৈঠকের পর এক বিবৃতি প্রকাশ করে গোরানের পক্ষ থেকে বলা হয়, কুর্দিস্তান প্রেসিডেন্সি অবশ্যই ভেঙে দিতে হবে এবং বর্তমানে যে সংকট ঘনীভূত হয়েছে তা থেকে মুক্তির জন্য একটি জাতীয় মুক্তি সরকার গঠন করতে হবে।
কুর্দিদের জাতিগত আত্মনিয়ন্ত্রণের অধিকার ও দাবিকে গোরান সমর্থন জানালেও গত ২৫শে সেপ্টেম্বরে যে গণভোট হয়েছে, তারা সেটির বিরোধিতা করে। আর গণভোটের বিরোধিতার পেছনের মূল কারণ হিসেবে তারা বলেছিল, গণভোটের জন্য যে সময়টিকে বেছে নেওয়া হয়েছে তা যথার্থ ছিল না। ইতোমধ্যেই ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি এ গণভোটকে অসাংবিধানিক বলে আখ্যা দিয়েছেন। বিবিসি ও আল জাজিরা।
ইত্তেফাক/সাব্বির