কাতার নিয়ে সংলাপে আগ্রহী নয় সৌদি: টিলারসন

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বলেছেন, কাতার সংকট নিয়ে সরাসরি আলোচনা করতে চায় না সৌদি আরব। রবিবার কাতার সফরকালে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। এসময় কাতারের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুলরহমান আল থানি তাদের বিরুদ্ধে যে অবরোধ আরোপ করা হয়েছে তার জন্য গভীর উদ্বেগ প্রকাশ করেন।
 
কাতারের রাজধানী দোহায় যৌথ সংবাদ সম্মেলনকালে রেক্স টিলারসন বলেন, কাতার সংকট নিয়ে সৌদি আরবের বিষয়ে তিনি তেমন একটা আশাব্যঞ্জক কিছু বলতে পারছেন না। কেননা তারা এই উপসাগরীয় সংকট নিরসনে কোন রকম আলোচনার টেবিলেই বসতে চাচ্ছেন না। তিনি বলেন, এর আগে আমার রিয়াদ সফরকালে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে আহবান জানিয়েছিলাম এ সংকট সমাধানে তিনি যেন সংলাপে বসেন। কিন্তু আলোচনার শুরুর বিষয়ে আমরা তাদের কাছ থেকে কোন সাড়া পাইনি। 
 
একপর্যায়ে তিনি বলেন, আমরা আমাদের আহবানের কথা তাকে জানিয়েছি। কিন্তু এর চেয়ে বেশি কিছু কিংবা কোন চাপ প্রয়োগ আমরা করতে পারি না। গত জুন মাসে কাতারের বিরুদ্ধে সন্ত্রাসবাদে সহযোগিতা করার অভিযোগে চার দেশ যথাক্রমে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত,মিসর এবং বাহরাইন দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। এর পরই কাতারের ওপর জল,স্থল ও সাগরপথে অবরোধ আরোপ করা হয়। সেসময় অভিযোগ উত্থাপিত হয় যে কাতার সন্ত্রাসী কাজে অর্থায়ন করছে। এছাড়া ইরানের সঙ্গে গভীর সম্পর্ক থাকায়ও এই অবরোধ আরোপে আরো মাত্রা পায়। যদিও দোহার তরফ থেকে এসব অভিযোগ অস্বীকার করে বলা হয়, তারা আন্তর্জাতিক রাজনীতির ‘কালো থাবার’ শিকার হয়েছেন।
 
এদিন টিলারসন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গেও বৈঠক করেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এ সময় জিসিসিকে (গালফ কোঅপারেশন কাউন্সিল) সংকট সমাধানে ঐক্যের আহবান জানান। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সঙ্গে মিল রেখে কাতারের পররাষ্ট্রমন্ত্রীও বলেন, সৌদি নেতৃত্বাধীন জোট আলোচনার পথকে সুগম করছে না। আল জাজিরা।
 
ইত্তেফাক/সাব্বির