বিবিসি
যুক্তরাষ্ট্র শত শত কোটি ডলার খরচ করলেও লাগামহীন জলবায়ু পরিবর্তনের কারণে দেশটির মানুষের স্বাস্থ্য ও জীবনযাত্রা ক্ষতিগ্রস্ত হয়ে হুমকির মুখে পড়বে। যুক্তরাষ্ট্রের সরকারি এক প্রতিবেদনে এ তথ্য ওঠে এসেছে। চতুর্থ ন্যাশনাল ক্লাইমেট অ্যাসেসমেন্ট প্রতিবেদনে বলা হয়েছে, আজকের নেওয়া সিদ্ধান্তের ভিত্তিতে জলবায়ু পরিবর্তন বিষয়ে ভবিষ্যত্ ঝুঁকি নির্ভর করে। প্রতিবেদনটিতে জলবায়ু পরিবর্তনের ফলে ‘মানুষের স্বাস্থ্য ও নিরাপত্তা, জীবনযাত্রার মান এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি হারের প্রতি ক্রমবর্ধমান চ্যালেঞ্জগুলো’ উপস্থাপন করা হয়েছে।
এ প্রতিবেদনে জীবাশ্ম জ্বালানি ইস্যুতে ট্রাম্প প্রশাসনের সঙ্গে মতভেদ তৈরি করবে বলে সতর্ক করা হয়। এছাড়া জলবায়ু পরিবর্তনে দাবানলের ঘটনা বৃদ্ধি হতে পারে বলে জানানো হয়েছে। নতুন এ প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সমাজের প্রতিটা ক্ষেত্রেই জলবায়ু পরিবর্তনের প্রভাবকে নথিবদ্ধ করেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ঐতিহাসিক হারে কার্বন নিঃসরণ অব্যাহত থাকলে চলতি শতাব্দীর শেষ নাগাদ কয়েকটি অর্থনৈতিকখাতে বার্ষিক ক্ষতির পরিমাণ শত শত কোটি মার্কিন ডলারে পৌঁছাবে। এই ক্ষতির পরিমাণ বহু রাজ্যের জিডিপির চেয়েও বেশি হবে।
প্রতিবেদনটিতে বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনের বিভিন্ন প্রভাব দেশের বিভিন্ন সম্প্রদায়ে এখনই অনুভূত হচ্ছে। এর মধ্যে ঘন ঘন তীব্র খারাপ আবহাওয়া ও জলবায়ু সংশ্লিষ্ট বিভিন্ন ঘটনা রয়েছে। তবে সমাজের মানুষ যদি গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমাতে কাজ করে পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে পারলে ভবিষ্যত্ বিপর্যয় এড়ানো যাবে বলে প্রতিবেদনটিতে নির্দেশ করা হয়েছে।
এদিকে গত অক্টোবরে জলবায়ু বিজ্ঞানীদের রাজনৈতিক এজেন্ডা রয়েছে বলে অভিযোগ করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে তিনি বলেছিলেন, তাপমাত্রা বৃদ্ধির জন্য মানুষ দায়ী নয়। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েই তিনি প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছিলেন। ওই সময়ে ট্রাম্প বলেছিলেন, যুক্তরাষ্ট্রের বাণিজ্য ও কর্মীদের যেন কোনো অসুবিধা তৈরি না হয় তেমন একটি ন্যায়সঙ্গত চুক্তির জন্য আলোচনা করে যাবো। অবশ্য নির্বাচনী প্রচারণার সময়ে জলবায়ু পরিবর্তনকে একটি ধাপ্পাবাজি বলে উল্লেখ করেছিলেন ট্রাম্প। তবে ওই বক্তব্য থেকে সমপ্রতি সরে এসে সামপ্রতিক এক সাক্ষাত্কারে তিনি বলেছেন, আমি এটাকে ধাপ্পাবাজি বলে মনে করি না। আমার মনে হয় এই বিষয়ে হয়তো কোনো পার্থক্য আছে।