থাইল্যান্ডে প্রয়াত রাজা ভূমিবলের শেষকৃত্য শুরু হয়েছে। গতকাল বুধবার থেকে ৫ দিন ব্যাপী এই অনুষ্ঠানে অংশ নিতে লাখ লাখ মানুষ আসছেন। শেষকৃত্য অনুষ্ঠানের খরচ ধরা হয়েছে ৯০ মিলিয়ন ডলার।
IMG0
৭০ বছর ধরে থাইল্যান্ড শাসন করা এই রাজা জনগণের কাছে এখনো জনপ্রিয়। গত বছরের ১৩ অক্টোবর ৮৮ বছর বয়সে মারা যান ভূমিবল।
IMG1
ভূমিবলকে সম্মান জানাতে অংশ নিবেন ৪২ টি দেশের প্রতিনিধি ও বিভিন্ন দেশের রাজপরিবারের সদস্যরা। এর মধ্যে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস, ব্রিটেনের ডিউক অব ইয়র্ক প্রিন্স অ্যান্ড্রিউ, জাপানের প্রিন্স আকিশিনো ছাড়াও নেদারল্যান্ডস, স্পেন, বেলজিয়াম এবং সুইডেনের রাজপরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন।
IMG2
রাজাকে শ্রদ্ধা জানাতে আজ বৃহস্পতিবার সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এতে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আছেন ২ লাখ ৩০ হাজার কর্মী। আজই রাজাকে ব্যাংককে সমাহিত করা হবে। ব্যাংককের গ্রান্ড প্যালেসে লাখ লাখ মানুষ বিভিন্ন স্থান থেকে জড়ো হচ্ছেন। কেউ বা রাস্তায় ঘুমাচ্ছেন। বৌদ্ধ ধর্মের নিয়ম মেনে তাকে সমাহিত করা হবে। ধারণা করা হচ্ছে, তার শেষকৃত্য অনুষ্ঠানে আড়াই লাখ মানুষ অংশ নিবেন। রয়টার্স ও সিএনএন।
ইত্তেফাক/সেতু