তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘আইন ও আদলতকে সমুন্নত রাখার স্বার্থেই তারেক রহমানকে ফিরিয়ে আনার চেষ্টা করছে সরকার, এখানে প্রতিহিংসার কোনো কারণ নেই। তারেক রহমান যদি মনে করেন তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হচ্ছেন, তাহলে তো তার নিজেরই দেশে চলে এসে আদালতে আত্মসমর্পণ করার কথা। কিন্তু তার দুর্নীতি ও হত্যা মামলার অপরাধ এত সুস্পষ্ট, যে তার সে সৎসাহস নেই।’
মঙ্গলবার বিকেলে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ কার্যালয়ে দলের প্রচার উপকমিটির সভার শুরুতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ‘তারেক রহমানকে ফিরিয়ে আনার চেষ্টা সরকারের রাজনৈতিক প্রতিহিংসা’ এমন মন্তব্যের জবাবে তথ্যমন্ত্রী এ কথা বলেন।
আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও দলের অন্যতম মুখপাত্র বলেন, ‘তারেক রহমানের দুর্নীতি বাংলাদেশ সরকার উদঘাটন করেনি, করেছে যুক্তরাষ্ট্রের এফবিআই। আর একুশে আগস্টের গ্রেনেড হামলায় তার অপরাধ সাক্ষ্য-প্রমাণে সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। তিনি একজন দণ্ডপ্রাপ্ত আসামি। বিএনপি’রই উচিত ছিল তাকে বাদ দেওয়া। কিন্তু তা না করে তারা একজন দুর্নীতি ও ফৌজদারী হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামিকে রাজনৈতিক সুরক্ষা দেওয়ার অপচেষ্টা করছে।’
আরো পড়ুন: রাসায়নিক প্রয়োগ বন্ধে আমবাগানে পুলিশ মোতায়েনের নির্দেশ
‘দুর্নীতি বা ফৌজদারী মামলায় দণ্ড হলে যেসব দেশের সঙ্গে চুক্তি আছে, সেখান থেকে আসামিদের ফিরিয়ে আনা হয়, কিন্তু যুক্তরাজ্যের সঙ্গে চুক্তি নেই বলে সরকার সেদেশে চিঠি দিয়েছে’ ব্যাখ্যা করে ড. হাছান মাহমুদ বলেন, ‘এখানে প্রতিহিংসার কোনো কারণ নেই, আইন ও আদলতকে সমুন্নত রাখার স্বার্থেই তা করা হয়েছে।’
ইত্তেফাক/এমআই