বিএনপিতে ফেরার জন্য কখনোই কোনো আবেদন করি নাই: রুমিন ফারহানা

আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ১৬:৩৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হন ব্যারিস্টার রুমিন ফারহানা। দল থেকে বহিষ্কৃত হয়ে নির্বাচনে জয়ী হওয়া নেতাদের বিএনপিতে ফিরিয়ে নেওয়ার আলোচনা শুরু হওয়ায় তাকে নিয়েও কথা হচ্ছে। এ বিষয়ে নিজের অবস্থান জানিয়েছেন রুমিন ফারহানা।

রুমিন ফারহানা জানান, তিনি বিএনপিতে ফেরার জন্য কোনো আবেদন করেননি। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি বিষয়টি নিশ্চিত করেন।

রুমিন ফারাহানা বলেন, ‘অনেকেই অস্থির হয়ে জানতে চাচ্ছেন, আমি দলে ফিরব কিনা? তাদের জন্য খুবই বিনীতভাবে বলি, আমি বিএনপিতে ফেরার জন্য কখনোই কোনো আবেদন করিনি।’

তিনি বলেন, ‘আমার কোনো কথা বা আচরণে আবার বিএনপিতে ফিরব এমন মনে করার কোনো কারণ আছে বলেও মনে করি না। আল্লাহ আমাকে এখন যে অবস্থায় রেখেছেন তার জন্য আমার শুকরিয়ার শেষ নেই।’

প্রসঙ্গত, ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে বিএনপির ৮০-৮৫জন নেতা ধানের শীষের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হন। তাদের নির্বাচনে অংশ নেওয়ার কারণে বহিষ্কার করা হয়। তাদের মধ্যে ৭ জন জয়ী হন। এই সাতজনের মধ্যে রুমিন ফারহানা অন্যতম। রুমিন বিএনপি থেকে বহিষ্কার হওয়ার আগ পর্যন্ত দলটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন।

বিদ্রোহী প্রার্থীদের সমর্থন করায় তৃণমূলের আরও পাঁচ শতাধিক নেতাকে বহিষ্কার করে দলটি। পরে তাদের অধিকাংশই দলে ফেরার আবেদন করেন।

ইত্তেফাক/আরএইচ