মানুস দ্বীপে অস্ট্রেলিয়ার পুলিশ মোতায়েনের আহ্বান এইচআরডব্লিউর

পাপুয়া নিউগিনিতে বন্দি শরণার্থী ও আশ্রয়প্রার্থীদের রক্ষায় সহযোগিতা করতে অস্ট্রেলিয়ার পুলিশ মোতায়েন করা উচিত বলে মনে করে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। নৌকায় করে আসা শরণার্থী ও আশ্রয়প্রার্থীদের পাপুয়া নিউগিনির মানুস দ্বীপ এবং প্রশান্ত মহাসাগরীয় দেশ নাউরুতে আটকে রেখেছে অস্ট্রেলিয়া। মানুস আশ্রয়কেন্দ্রটি আগামী সপ্তাহে বন্ধ হয়ে যাবে। সেখানে বসবাসকারীদের জন্য পার্শ্ববর্তী একটি শহরে বিকল্প আবাসনের ব্যবস্থা করেছে অস্ট্রেলিয়া। 
 
মানুস আশ্রয়কেন্দ্রটি বন্ধের পর আশ্রয়প্রার্থীরা পাপুয়া নিউগিনিতে ‘লাগামছাড়া সহিংসতার’ মুখে রয়েছে বলে এইচআরডব্লিউ’র প্রতিবেদনে আশংকা প্রকাশ করা হয়েছে। সেপ্টেম্বরে দ্বীপটি সফর করা মানবাধিকার গ্রুপটির পক্ষ থেকে বলা হয়, ‘কখনো কখনো লাঠি, পাথর, ছুরি কিংবা স্ক্রুড্রাইভার সহকারে সশস্ত্র’ স্থানীয় মানুষদের হামলার মুখোমুখি হয়েছে আশ্রয়প্রার্থীরা। প্রতিবেদেন আরো জানানো হয়েছে, অপর্যাপ্ত হাসপাতাল সুবিধা এবং  পুলিশের কোনো ভূমিকাহীন ওই দ্বীপটিতে বারবার স্থানীয়দের দ্বারা হামলা ও ডাকাতির শিকার হয়েছে তারা।
 
এরই মধ্যে অস্ট্রেলীয় কর্মকর্তারা মানুস দ্বীপ ত্যাগের প্রস্তুতি নেওয়ায় সেখানে উত্তেজনা বৃদ্ধির আশংকাও জানিয়েছে এইচআরডব্লিউ। এর আগে গত সপ্তাহে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশন সতর্ক করে বলেছিল, মানুস দ্বীপ থেকে অস্ট্রেলিয়ার বিদায়ের ফলে সেখানে মানবিক সংকট তৈরি করতে পারে। বিবিসি।
 
ইত্তেফাক/সাব্বির