সিনিয়র বুশের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ মার্কিন অভিনেত্রীর

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছে এক মার্কিন অভিনেত্রী।  হিদার লিন্ড নামের ওই অভিনেত্রীর অভিযোগ কয়েক বছর আগে ছবি তোলার জন্য তিনি বুশ সিনিয়রের পাশে দাঁড়িয়েছিলেন। ওই সময় বুশ তাকে যৌন হয়রানি করেন। ওই সময় তোলা ছবি ইনস্টাগ্রামে পোস্ট করা হলেও পরে তা সরিয়ে ফেলা হয়। হিদার বলেন, ‘  স্ত্রী বারবারা বুশ যখন তার পাশে দাঁড়িয়েছিলেন তখন তিনি (বুশ) আরেক পাশে তার হুইল চেয়ারের বাইরে দিয়ে আমাকে স্পর্শ করেন। এ সময় তিনি আমাকে একটি অশ্লীল কৌতুক শোনান।’
 
এই মার্কিন অভিনেত্রী আরো অভিযোগ করেন, ‘প্রাক্তন প্রেসিডেন্ট তাকে দ্বিতীয়বার স্পর্শ করেন। এসময় তার স্ত্রী বারবার তাকে চোখ রাঙানি দেন, যার মাধ্যমে তিনি বলতে চাইছিলেন, আর নয়।’ তবে প্রাক্তন প্রেসিডেন্টের মুখপাত্র মেইল অনলাইনকে বলেছেন, ‘প্রেসিডেন্ট বুশ সজ্ঞানে যে কোনো পরিস্থিতিতেই কখনোই কারো কষ্টের কারণ হননি এবং রসিকতা যদি লিন্ডকে আঘাত দিয়ে থাকে তাহলে তিনি একান্ত ক্ষমা প্রার্থনা করেছেন।
 
ইত্তেফাক/এমআর