সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডি হত্যাকাণ্ড বিষয়ক দুই হাজার ৮০০ গোপন নথি প্রকাশ করেছে মার্কিন সরকার। বৃহস্পতিবার এই নথি উন্মুক্ত করা হয়।
প্রকাশিত একটি মেমোতে দেখা গেছে, গুপ্তঘাতক লি হার্ভি অসওয়াল্ডের হত্যার হুমকি সম্পর্কে এফবিআই পুলিশকে সতর্ক করেছিল। এতে এফবিআই পরিচালক জে এডগার হুভার লিখেছিলেন, ‘আমরা এই মুহূর্তে পুলিশ প্রধানের দৃষ্টিগোচরে এনেছি এবং তিনি আমাদের নিশ্চিত করেছেন অসওয়াল্ডকে পর্যাপ্ত নিরাপত্তা দেয়া হবে।’
এর আগেও কেনেডি হত্যা সংক্রান্ত বেশকিছু গোপন নথি প্রকাশিত হয়েছিল। ১৯৯২ সালে যুক্তরাষ্ট্রের কংগ্রেস ২৫ বছরের মধ্যে ওই হত্যাকাণ্ড সংশ্লিষ্ট ৫০ লাখ পৃষ্ঠার সব নথি উন্মুক্তের আইন করে। বৃহস্পতিবার ছিল ওই সময়সীমার শেষ দিন।
যদিও সব গোপন নথি প্রকাশিত হয়নি। জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে ট্রাম্প বেশকিছু সম্পাদিত নথি প্রকাশে নতুন করে আরও ছয় মাস সময় নিয়েছেন।
১৯৬৩ সালের ২২ নভেম্বর ডালাসে আততায়ীর গুলিতে নিহত হন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট কেনেডি। পুলিশ পরে লি হার্ভি অসওয়াল্ড নামে এক ব্যক্তিকে আটক করে তার বিরুদ্ধে কেনেডি হত্যার অভিযোগ আনে। দুদিন পর ডালাস পুলিশ ডিপার্টমেন্টের বেইজমেন্টে লিকে স্থানীয় এক নাইটক্লাবের মালিক জ্যাক রুবি গুলি করে হত্যা করেন।
হত্যাকাণ্ডের তদন্তে গঠিত ওয়ারেন কমিশন ১৯৬৪ সালের সেপ্টেম্বরে দেয়া প্রতিবেদনে বলে, টেক্সাসের স্কুল বুক ডিপোজিটরি ভবন থেকে লি প্রেসিডেন্টকে লক্ষ্য করে গুলি ছোড়ে। লি হার্ভি অসওয়াল্ড অথবা রুবি কেউই দেশি বা বিদেশি ষড়যন্ত্রের অংশ ছিল না।
ইত্তেফাক/ইউবি