দেশব্যাপী অসন্তোষের পর চার বছর বয়সী এক মেয়ে শিশুকে কথিত ধর্ষণের ঘটনায় তদন্তের আদেশ দিয়েছেন ঘানা পুলিশের মহাপরিদর্শক। ওই শিশুর পিতা-মাতা বলেছেন, স্থানীয় এক গোত্রপ্রধান তাদেরকে বলেন, গোত্রদেবতা সন্দেহভাজনকে নির্দোষ মনে করায় বিষয়টি নিয়ে কিছুই করা যাবে না। অনেকে বলছেন, এ ঘটনাটি এমন এক সংস্কৃতিকে তুলে ধরে, যা যৌন হামলাকারীদের সুরক্ষা দেয়।
ঘানার রাজধানী আক্রা থেকে বিবিসির এক সাংবাদিক জানান, প্রায় দুই সপ্তাহ আগে ১৮ বছর বয়সী এক যুবকের বিরুদ্ধে ওই শিশুকে ধর্ষনের অভিযোগ উঠে। কিন্তু স্থানীয় নেতৃবৃন্দ বিষয়টি নিয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। বরং গোত্রদেবতার অজুহাত দিয়ে তারা সন্দেহভাজন ব্যক্তিকে নির্দোষ বলে দাবি করেন। অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়লে দেশব্যাপী ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়। শিশু ধর্ষনের বিরুদ্ধে টুইটারে ছবি ও পোস্ট দিয়ে অনেকে প্রতিবাদ জানান।
এরকম প্রেক্ষাপটে ঘানার পুলিশ প্রধান ডেভিড আসান্তে-আপেটুহাস ঘটনাটি তদন্তের নির্দেশ দিলেন এবং জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় পুলিশের শীর্ষ কর্মকর্তাকে তলব করেন। তবে পুলিশ সন্দেহভাজন ওই ধর্ষককে এখনো গ্রেপ্তার করতে পারেনি। বিবিসি।
ইত্তেফাক/সাব্বির