নৌকা নষ্ট : ৫ মাস ধরে গভীর সমুদ্রে ঘুরপাক ২ নারীর

 
ইঞ্জিন নষ্ট হওয়ায় গভীর সমুদ্রে টানা পাঁচ মাস নৌকাতে কাটাতে বাধ্য হয়েছেন যুক্তরাষ্ট্রের জেনিফার অ্যাপেল ও তাসা ফুইয়াভা নামে দুই নারী। অবশেষে নৌবাহিনী তাদের উদ্ধার করে। বেঁচে ফিরতে পারবেন কখনো ভাবতে পারেনি তারা।
 
জানা গেছে, ২৩ মে হনলুলু থেকে নৌকায় অভিযান শুরু করেছিলেন জেনিফার অ্যাপেল ও তাসা ফুইয়াভা। মাঝ সমুদ্রে তাদের নৌকার ইঞ্জিন বন্ধ হয়ে যায়। কোনো ভাবেই সেটি চালু করতে পারেননি জেনিফাররা। আবহাওয়া খারাপ থাকায় স্যাটেলাইট ফোনও কাজ করছিল না। সেকারণে বন্দরেরে সঙ্গে যোগাযোগও করতে পারছিলেন না। দিকভ্রান্ত হয়ে সমুদ্রের একই জায়গায় ঘুরপাক খাচ্ছিল তাদের নৌকা। টানা পাঁচমাস এভাবেই নৌকাতে কাটাতে বাধ্য হন জেনিফার ও তাসা। অভিযানের জন্য সঙ্গে নেয়া খাবার খেয়েই কাটিয়েছেন। অবশেষে শুক্রবার তাদের উদ্ধার করে নৌবাহিনী।
 
গত ৫ মাসে সমুদ্রের ভয়ঙ্কর সব অভিজ্ঞতার সাক্ষী হয়েছেন জেনিফার ও তাসা। তিন তিনটি সামুদ্রিক ঝড় ও হাঙরের হামলা মোকাবিলা করতে হয়েছে তাদের।
 
জেনিফার জানিয়েছেন একটি এমনই সামুদ্রিক ঝড় এসেছিল। ঝড়টি তিনদিন স্থায়ী ছিল। ঢেউ উঠেছিল ৩৭ থেকে ৫২ ফুট উঁচু। প্রায় ডুবে যেতে বসেছিল তাদের নৌকা। বেঁচে ফিরতে পারবেন সে আশা একেবারেই ছেড়ে দিয়েছিলেন তারা। এক সময় হাঙরের গ্রাস থেকে কোনো রকমে বেঁচে ফিরেছেন। একটি হাঙর তো টানা ১ দিন তাদের নৌকার চারপাশে ঘুরপাক খেয়েছিল। তাইওয়ানের মৎস্যজীবীদের একটি নৌকা তাদের দেখতে পেয়ে উদ্ধারকারীদের খবর দেন। তারপরেই নৌবাহিনী এসে উদ্ধার করে। ‌‌
 
ইত্তেফাক/ইউবি