বোলসোনারোর মন্তব্যের জের

ব্রাজিল থেকে চিকিত্সক ফিরিয়ে নিচ্ছে কিউবা

বিবিসি

ব্রাজিলের নতুন প্রেসিডেন্ট কট্টর দক্ষিণপন্থি জাইর বোলসোনারোর এক মন্তব্যের জেরে দেশটিতে কর্মরত চিকিত্সকদের ফিরিয়ে নিচ্ছে কিউবা। সেদেশে থাকা চিকিত্সকদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলায় হাভানার পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ব্রাজিলের প্রেসিডেন্ট অভিযোগ করেছিলেন, ওই চিকিত্সকদের বেতনের ৭৫ শতাংশ কিউবার কমিউনিস্ট সরকার রেখে দেয়। শুধু তাই নয় তাদেরকে পরিবারের সঙ্গেও দেখা করতে দেওয়া হয় না। বোলসোনারোর এ বক্তব্যকে ‘অবমাননাকর’ অ্যাখ্যা দিয়ে হাভানা তাদের চিকিত্সকদের ডিসেম্বরের মধ্যেই দেশে ফিরে আসতে বলে। শুক্রবার চিকিত্সকদের প্রথম দলটি কিউবায় পৌঁছালে দেশটির উপ স্বাস্থ্য মন্ত্রী তাদের অভ্যর্থনা জানান। ব্রাজিলের সরকারও কিউবার চিকিত্সকদের দেশে ফিরে যাওয়ার কথা নিশ্চিত করেছে। কিউবার চিকিত্সকদের জায়গায় দেশি চিকিত্সকদের নিয়োগ দেওয়ার কাজ চলছে বলেও জানিয়েছে তারা।