রাখাইনে রোহিঙ্গাদের ধান কাটছে মিয়ানমার সরকার

 
সহিংসতার মুখে রাখাইন থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের জমির ধান কেটে নিতে শুরু করেছে মিয়ানমার সরকার। স্থানীয় সংবাদ মাধ্যমকে উদ্ধৃত করে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। খবরে বলা হয়েছে, রাখাইনের উত্তরাঞ্চলে মংডুর ৭১ হাজার একর জমি থেকে ধান কেটে নেওয়ার সরকারি আদেশ পেয়ে ধান কাটতে শুরু করেছে কৃষি অধিদফতর।
 
এই ধান দিয়ে কী করা হবে, তা নিয়ে কিছু জানা যায়নি। তবে এই ঘটনায় মানবাধিকার কর্মীরা হতাশা ব্যক্ত করেছে। তারা বলছে, এ ঘটনায় স্টেট কাউন্সেলর অং সান সু চির দেওয়া রোহিঙ্গা প্রত্যাবর্তনের প্রতিশ্রুতি সংশয়ের মুখে পড়েছে। একইসঙ্গে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ ঘরে ফেরা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
 
এএফপির খবরে বলা হয়েছে, গত আগস্টের শেষদিকে শুরু হওয়া সহিংসতায় মিয়ানমারের এই সীমান্ত অঞ্চলের বেশির ভাগ এলাকা এখন জনমানবশূন্য। সহিংসতা থেকে বাঁচতে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে ছয় লাখের বেশি রোহিঙ্গা। আন্তর্জাতিক ব্যাপক চাপের মুখে মিয়ানমার সরকার রোহিঙ্গাদের প্রত্যাবাসনের অঙ্গীকার করেছে। যদিও যারা ডকুমেন্ট দেখাতে পারবে তাদেরকেই ফিরিয়ে নেবে মিয়ানমার।
 
হিউম্যান রাইটস ওয়াচের ফিল রবার্টসন বলেছেন, ফসল কাটায় সরকারি কর্মকর্তার নেতৃত্ব দেওয়ায় বিষয়টি নিয়ে উদ্বেগ বাড়ছে। এই প্রচেষ্টার অর্থ হচ্ছে, বাংলাদেশে পালিয়ে যাওয়া রোহিঙ্গাদের বার্তা দেওয়া হচ্ছে যে, তোমাদের যা ছিল; এখন তা আমাদের এবং তোমাদের ফিরিয়ে নেওয়া হবে না।
 
সেনাদের সমর্থনে ইয়াঙ্গুনে শোভাযাত্রা
 
রাখাইনে সহিংসতার জন্য বিশ্ব যখন মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে সরব তখন দেশটির সেনাবাহিনীর পক্ষে রাস্তায় নেমেছে জনগণ। গতকাল রবিবার ইয়াঙ্গুনে সেনাদের সমর্থনে শোভাযাত্রা করেছে হাজার হাজার লোক। এই সমাবেশে জাতীয়তাবাদী বৌদ্ধ ও ভিক্ষুরা অংশ নেয়।
 
দুই বিদেশি সাংবাদিক ১৫ দিনের রিমান্ডে
 
মিয়ানমারের পার্লামেন্ট কম্পাউন্ডের কাছে ড্রোন উড়ানোর অভিযোগে আটক দুই বিদেশি সাংবাদিকের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করেছে সেদেশের পুলিশ। একই অপরাধে তাদের সহযোগী, মিয়ানমারের সাংবাদিক অং নাইং সোয়ে ও তাদের গাড়ি চালকের বিরুদ্ধেও অভিযোগ গঠন করা হয়েছে। আদালত তাদের বিরুদ্ধে ১৫ দিনের রমান্ড মঞ্জুর করেছে বলে জানিয়েছে এপি। দোষী সাব্যস্ত হলে তাদের তিন বছর করে সাজা হতে পারে।
 
ইত্তেফাক/আনিসুর