উত্তর কোরিয়া বিশ্বের জন্য হুমকি: ন্যাটো প্রধান

ন্যাটো প্রধান জেন্স স্টলটেনবার্গ সোমবার বলেছেন, উত্তর কোরিয়া বিশ্বের জন্য হুমকি। জাপান সফররত ন্যাটো প্রধান পিয়ংইয়ং এর বিরুদ্ধে আরো কঠোর নিষেধাজ্ঞা আরোপেরও আহবান জানান। খবর এএফপি’র।
 
জাপান সফরকালে ন্যাটো প্রধান দেশটির প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে ও প্রতিরক্ষামন্ত্রী ইটসুনোরি ওনোডেরাসহ সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করবেন। জাপানে নিরাপত্তা বিশেষজ্ঞ ও প্রতিরক্ষা কর্মকর্তাদের সমাবেশে ন্যাটো প্রধান বলেন, ‘আমরা উত্তর কোরিয়ার উসকানিমূলক কর্মকাণ্ড ও বেপরোয়া আচরণে উদ্বিগ্ন।’ তিনি বলেন, ‘এটি খুবই বিপদজনক। জাপানসহ এ অঞ্চল এবং বিশ্বের জন্যেও উত্তর কোরিয়া হুমকি হিসেবে কাজ করছে।’
 
তিনি আরো বলেন, ন্যাটো উত্তর কোরিয়ার বিরুদ্ধে জাতিসংঘের সেপ্টেম্বর মাসের নিষেধাজ্ঞাসহ রাজনৈতিক, অর্থনৈতিক ও কূটনৈতিক চাপকে সমর্থন করে। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো এসব নিষেধাজ্ঞার স্বচ্ছ ও পূর্ণ বাস্তবায়ন। ব্রাসেলসে জুলাই মাসে অ্যাবে স্টলটেনবার্গের সঙ্গে সাক্ষাতের পর তিনি জাপান সফরে এলেন। এএফপি।
 
ইত্তেফাক/সেতু