সাড়ে ৩ হাজার জনপ্রতিনিধির বাড়িতে নেই শৌচালয়

 
স্বচ্ছ ভারত অভিযানের আওতায় ‌প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার মানুষের বাড়িতে গিয়ে শৌচালয় তৈরি করার উপদেশ দিলেও খোদ জনপ্রতিনিধিদের বাড়িতে শৌচালয় নেই। অন্ধ্রপ্রদেশের ৩,৫৭৪ জন নেতার বাড়িতে শৌচালয় নেই বলে সরকারি সূত্রে জানা গেছে। 
 
অন্ধ্রপ্রদেশের ভিজিয়ানগরাম জেলার কালেক্টর বিবেক যাদব শনিবার এক বৈঠকে এই তথ্য জানান। বিবেক যাদব জানান, যে সব নেতাদের বাড়িতে এখনও শৌচালয় নেই তাদের নাম পরবর্তী মিটিংয়ে জানিয়ে দেয়া হবে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে প্রধানমন্ত্রীর এই শৌচালয় তৈরির পরিকল্পনা শেষ করার কথা রয়েছে। কিন্তু এই জেলায় এখনো কয়েক হাজার শৌচালয় তৈরি হয়নি। 
 
বিবেক যাদব বৈঠকে জানান, এই জেলার অন্তর্গত ৩৫টি এলাকায় কোনো শৌচালয় তৈরি হয়নি। ‌সবচেয়ে আশ্চর্যের বিষয় যে সব জন প্রতিনিধি সাধারণ মানুষের কাছে গিয়ে শৌচালয় তৈরির কথা বলবেন, দেখা যাচ্ছে তাদের বাড়িতেই শৌচালয় নেই। 
 
একটি সমীক্ষায় জানা গেছে, মোট ৩,৫৭৪ জন প্রতিনিধিদের বাড়িতে শৌচালয় নেই। যার মধ্যে জেলার ১২০ জন পঞ্চায়েত প্রধান এবং ৩৪১৯ জন ওয়ার্ড সদস্যের নাম রয়েছে।‌ 
 
বিবেক যাদব আরো জানান, ভিজিয়ানগরাম জেলার ৬২টি স্কুল, ১০৯টি গ্রাম পঞ্চায়েত ভবন এবং ৪২৮টি অঙ্গনওয়ারির বাড়িতেও শৌচালয় নেই। প্রধানমন্ত্রীর স্বচ্ছ ভারত প্রকল্পের র‌্যাঙ্কিংয়ে ভিজিয়ানগরাম রয়েছে ৪৯২ এর মধ্যে ২১৬তম স্থানে। ডিসেম্বরের মধ্যে যেখানে ১ লাখ শৌচালয় তৈরি করার কথা, সেখানে মাত্র ২৪ হাজার শৌচালয় তৈরি হয়েছে বলেও জানান জেলা কালেক্টর।  
 
ইত্তেফাক/ইউবি