থাইল্যান্ডের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার সকল পাসপোর্ট বাতিল করা হয়েছে। মাস দুয়েক আগে তার মামলার রায় ঘোষণার পূর্বে তিনি দেশ ছেড়ে পালিয়ে যান। এরপর থেকে তাকে আর প্রকাশ্যে দেখা যায়নি।
এদিকে তার অনুপস্থিতিতেই আদালত গত মাসে তাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে। মঙ্গলবার থাই পররাষ্ট্রমন্ত্রী ডন প্রমুদউইনাল ব্যাংককে সাংবাদিকদের বলেন, ইংলাকের সকল পাসপোর্ট বাতিল করা হয়েছে। তিনি বলেন, ইংলাক ঠিক কোথায় আছেন আমরা জানি না। এটুকু জানি তিনি যুক্তরাজ্যে আছেন। তবে কোন শহরে তা জানি না।
কর্তৃপক্ষ বলছে, ইংলাকের চারটি পাসপোর্ট রয়েছে। দুটি ব্যক্তিগত, দুটি কূটনৈতিক। ইংলাকের নির্বাচিত সরকার ২০১৪ সালে ক্ষমতাচ্যুত হয়। এর আগে ইংলাকের ভাই থাকসিন সিনাওয়াত্রার সরকারও ২০০৬ সালে ক্ষমতাচ্যুত হয়। তিনি বর্তমানে নির্বাসিত জীবন যাপন করছেন। ইংলাকের অবস্থান নিয়ে থাইল্যান্ডের ডেপুটি পুলিশ প্রধান শ্রীভারা রানসিভ্রমনোকুল বলেন, কর্তৃপক্ষ তার অবস্থান জানার চেষ্টা করছে। কিন্তু কোন দেশই বলছে না যে তারা তাকে দেখেছে। এএফপি।
ইত্তেফাক/সাব্বির