ভেনেজুয়েলার প্রধান তিনটি বিরোধী দল চলতি বছরের ডিসেম্বরে অনুষ্ঠিতব্য পৌর নির্বাচনে অংশ না নেওয়ার কথা জানিয়েছে। এই দলগুলো হলো জাস্টিস ফার্স্ট পার্টি, পপুলার উইল পার্টি এবং ডেমোক্র্যাটিক অ্যাকশন পার্টি।
বিরোধী দলীয় নেতৃবৃন্দ ভেনেজুয়েলার নির্বাচনী ব্যবস্থাকে পক্ষপাতদুষ্ট বলে দাবি করেছেন। জাস্টিস ফার্স্ট পার্টির প্রেসিডেন্ট এবং দেশটির জাতীয় পরিষদের সভাপতি জুলিও বোর্গেস বলেছেন, নিকোলাস মাদুরোর সরকার ২০১৩ সাল এবং এই মাসের শুরুর দিকের নির্বাচনে কারচুপি করেছে। তিনি আরো বলেন, আরেকটি ভোটে প্রতিদ্বন্দ্বিতা না করে বরং বিরোধী জোটের ‘উচিত নির্বাচনী বোর্ডের সংস্কার নিশ্চিত করার প্রচেষ্টা চালানো।’
ডেমোক্র্যাটিক অ্যাকশন পার্টির নেতা হেনরি র্যামোস অ্যালুপ বলেন, নির্বাচনী তফসিল ‘সম্পূর্ণভাবে অপ্রত্যাশিত’। তিনি জানান, দলের সমর্থক যারা নির্বাচনে প্রার্থী হিসেবে তালিকাভুক্ত, তাদেরকে দলীয় পদ থেকে বহিস্কার করা হবে। প্রসঙ্গত, আগামী ১০ ডিসেম্বর অনুষ্ঠিত পৌর নির্বাচনে প্রতিদ্বন্দ্বী হিসেবে তালিকাভুক্ত হওয়ার সময়সীমা গত সোমবার শেষ হয়েছে।
এদিকে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ভেনেজুয়েলার নির্বাচনী ব্যবস্থাকে পুরোপুরি বিশ্বাসযোগ্য বলে মন্তব্য করেছেন। বিরোধীদের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘যখন তারা হারে, তখন তারা কারচুপির সমালোচনা করে। আবার যখন তারা এটা জানে যে, তারা নির্বাচনে বেকায়দায় অবস্থায় আছে, তখন তারা প্রতিদ্বন্দ্বিতার বদলে নির্বাচন ছেড়ে চলে যায়।’ মাদুরো বলেন, বিরোধীরা নিজেদের স্বার্থে কাজ করছে।
এর আগে গত মঙ্গলবার ভেনেজুয়েলার প্রধান বিরোধী নেতা ও সাবেক প্রেসিডেন্ট প্রতিদ্বন্দ্বী হেনরিক ক্যাপ্রিলেস বিরোধী দলীয় জোট ত্যাগ করেছেন। সাংবিধানিক পরিষদের কাছে বিরোধী জোটের নবনির্বাচিত চার গভর্নরের আনুগত্য স্বীকারের সিদ্ধান্তের সাথে তিনি ভিন্নমত প্রকাশ করেছেন। ক্যাপ্রিলেস বলেন, তিনি বিরোধী জোটের অংশ নন। কারণ, ধারণা বা লক্ষ্য, কোনো দিক দিয়েই এটি ঐক্যবদ্ধ নয়। বিবিসি।
ইত্তেফাক/সাব্বির