দেশপ্রেম প্রমাণ করতে গিয়ে ভুল ‘বন্দে মাতরম’ গেয়ে হাসির পাত্র বিজেপি মুখপাত্র

ভারতের হিন্দুত্ববাদী দল বিজেপির অত্যন্ত প্রিয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বন্দে মাতরম গানটি। কিন্তু অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য মুফতি ইজাজ আরশাদ কাসমি বিজেপির মুখপাত্র নবীনকুমার সিংহকে দেশপ্রেম ভিত্তিক এই গানটি গাওয়ার চ্যালেঞ্জ দিলে ভুলভাল গেয়ে সোশ্যাল মিডিয়ায় হাসির রোল তুলেন।
 
সম্প্রতি জি সালাম এর অনুষ্ঠানে দেশপ্রেম নিয়ে তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়েন নবীনকুমার ও মুফতি ইজাজ। মুফতি ইজাজ বিজেপির মুখপাত্রকে বন্দে মাতরম গাওয়ার চ্যালেঞ্জ দেন। নবীনকুমার চ্যালেঞ্জ গ্রহণ করে সেটি গাইতে শুরু করলেই হাসাহাসি শুরু হয়। শব্দে ভুল, সুরে ভুল! কখনও উচ্চারণ করছেন, পুলকিসতা! কখনও বা সুমিতা! পর মুহূর্তেই আবার ডুমাল সুনামি। সঙ্গে জুড়লেন সুহাসিন, সুমন্ত্র বুলশুমানি! আপাত দৃষ্টিতে যার কোনো অর্থই হয় না। তিনি খুব সিরিয়াস ভঙ্গিতেই গেয়ে চলেছেন। ওই অনুষ্ঠানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই তা রীতিমতো ভাইরাল।
 
IMG0
 
নরেন্দ্র মোদীর সরকার ক্ষমতায় আসার পর থেকে বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাসের এই গানটি নিয়ে অনেক বাড়াবাড়ির কথা শোনা গেছে। মাদ্রাজ হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, প্রত্যেকটি সরকারি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে বন্দে মাতরম পাঠ করতে হবে। উগ্র শিবসেনা হুমকি দিয়েছিল, বন্দে মাতরম কেউ পাঠ না করতে চাইলে তার ভোটাধিকার কেড়ে নেয়া হবে। আনন্দবাজার।
 
ইত্তেফাক/সাব্বির