সুইজারল্যান্ডের জেনেভা বিমানবন্দরে মা-বাবার কাছ থেকে পালিয়ে সাত বছরের একটি মেয়ে টিকেট ছাড়াই উঠে গেলো বিমানে। এক লিখিত বক্তব্যে জেনেভা এয়ারপোর্ট জানিয়েছে, রবিবার মেয়েটি জেনেভার সেন্ট্রাল স্টেশনে তার মা-বাবার কাছ থেকে চোখ ফাঁকি দিয়ে একটি ট্রেনে চড়ে বিমানবন্দরে আসে। মেয়েটি তার ‘ছোট আকৃতির সুবিধা নিয়ে’ নিরাপত্তা তল্লাশিকে ফাঁকি দিতে পেরেছে বলে মনে করছে বিমানবন্দর কর্তৃপক্ষ। তারা এটিকে একটি ‘চরম অনুশোচনীয় ঘটনা’ বলছে।
IMG0
সুইজারল্যান্ড-ফ্রান্স বর্ডারে অবস্থিত জেনেভা এয়ারপোর্টটি যাত্রীদের শুধুমাত্র ফ্রান্স বা সুইজারল্যান্ড ছাড়ার অনুমতি দেয়। বিমানবন্দরের মুখপাত্র বারট্রান্ড স্টাম্পফ্লি বলেন, ফ্রান্সের বিমানে উঠার গেট দিয়ে শিশুটি ফ্লাইটে উঠে। তিনি বলেন, প্রাথমিক নিরাপত্তা তল্লাশির সময় মেয়েটি সম্ভবত পূর্ণবয়স্কদের সঙ্গেই দাঁড়িয়ে ছিল। প্রস্থান গেটের কাছাকাছি আসলে এয়ারপোর্ট স্টাফ শিশুটিকে পেছনে পাঠিয়ে দেয়। কিন্তু মেয়েটি পরে গোপনে বিমানে উঠতে সক্ষম হয়।
IMG1
কর্মকর্তারা ধারনা করছেন, শিশুটি এমন একটি পথ দিয়ে বিমানে উঠে গেছে যে পথ দিয়ে সে আকৃতির একজন মানুষের পক্ষেই যাওয়া সম্ভব। এর চেয়ে বড় কিছু সেদিক দিয়ে যেতে পারবে না। মেয়েটিকে পুলিশের হাতে তুলে দেয়া হয়। নিরাপত্তা ভিডিওর মাধ্যমে মেয়েটির অবস্থান সনাক্ত করে পুলিশ। পরে মেয়েটিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেয়া হয়। কর্মকর্তারা বলছেন, এ ঘটনার মাধ্যমে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থার যে ত্রুটি রয়েছে সেটি প্রকাশ পেয়েছে। এমনটা যেন আর না হয় সেজন্য যথাযথ পদক্ষেপ নেয়া হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। বিবিসি।
ইত্তেফাক/সেতু