কিম জং-উনকে বিরল বার্তা শি জিন পিংয়ের

উত্তর কোরীয় নেতা কিম জং-উনকে বিরল বার্তা দিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিন পিং। এর মধ্য দিয়ে এক বছরেরও বেশি সময় পর প্রথমবারের মতো প্রতিবেশী দুই দেশের নেতার মধ্যে সরাসরি যোগাযোগ হল।
 
চীনে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির নেতৃত্বে পুনর্বহাল হওয়ার পর গত বুধবার শি জিন পিংকে ফোনে অভিনন্দন জানান কিম। এরপরই শি এই পদক্ষেপ নিলেন। পিয়ংইয়ংয়ের সরকারি সংবাদ সংস্থা কেসিএনএ জানিয়েছে, ওই বার্তায় শি বলেন, ‘আমি আশা করি নতুন পরিস্থিতিতে দুই দল এবং দুই দেশের মধ্যে সম্পূর্ণভাবে টেকসই এবং স্থিতিশীল উন্নয়নে চীনা পক্ষ ডিপিআরকে’র (উত্তর কোরিয়া) পক্ষের সঙ্গে সম্পর্কের উন্নয়নে চেষ্টা করবে।’
 
রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, চীন ও উত্তর কোরিয়ার মধ্যে এ ধরনের বার্তা বিনিময় বা যোগাযোগের ঘটনা বেশ বিরল। সিউলে নর্থ কোরীয় স্টাডিজ ইউনিভার্সিটির শিক্ষক ইয়াং মু জিন বলেন, প্রকাশ্যে দুই দেশের মধ্যে বার্তার বিনিময়ে এই আভাস মেলে যে তারা সম্পর্কের উন্নয়ন চায়।
 
পিয়ংইয়ংয়ের সরকারি সংবাদ সংস্থার বরাত দিয়ে এএফপির খবরে জানানো হয়, এ ধরনের বার্তা বিনিময়ের পর  দুই দেশের মধ্যেকার চলমান শীতল সম্পর্ক কিছুটা সহজ হতে পারে। প্রসঙ্গত, ঐতিহাসিকভাবে চীনের সঙ্গে উত্তর কোরিয়ার সখ্য রয়েছে। দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্কেও এর নজির দেখা যায়। তবে পিয়ংইয়ংয়ের পরমাণু অস্ত্র উন্নয়ন কর্মসূচির কারণে বছরখানেক আগে দুই দেশের সম্পর্কে কিছুটা নেতিবাচক প্রভাব পড়েছিল। এএফপি  ও পিটিআই।
 
ইত্তেফাক/সাব্বির