ভিয়েতনামের প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাত

ভিয়েতনামের প্রধানমন্ত্রী গুয়ের শুয়ান ফুকের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন ভিয়েতনামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সামিনা নাজ। মঙ্গলবার ভিয়েতনামের প্রধানমন্ত্রীর কার্যালয় হোয়াইট হাউজে প্রথমবারের মত দেখা করেন রাষ্ট্রদূত।
 
রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছার কথা জানিয়ে ভিয়েতনামের প্রধানমন্ত্রীকে বলেন, বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও হো চি মিনের প্রতি তিনি অগাধ শ্রদ্ধা ধারণ করেন । দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য ১ বিলিয়ন ডলারে উন্নীত করার জন্য উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
 
রাষ্ট্রদূত যোগ করেন, ভিয়েতনাম বাংলাদেশের ঔষধ ও সিরামিক পণ্য আমদানি করতে পারে। ভিয়েতনাম বাংলাদেশকে কৃষি, অবকাঠামো নির্মাণ সামগ্রী সরবরাহ করতে পারে। প্রধানমন্ত্রীর শেখ হাসিনার পক্ষে তিনি ভিয়েতনামের প্রধানমন্ত্রীকে আগামী বছর সুবিধাজনক সময়ে বাংরাদেশ সফরের আহ্বান জানান।
 
রাষ্ট্রদূত সামিনা নাজ রোহিঙ্গা সংকটের দিকে ভিয়েতনামের প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, রোহিঙ্গা সংকট বিষয়ে ভিয়েতনাম অবগত এবং এতে বাংলাদেশ যে সমস্যার সম্মুখীন হচ্ছে সেটাও আমরা বুঝি। এই সংকট মোকাবেলায় পদক্ষেপ নিতে পরবর্তী আসিয়ান সম্মেলনে এই বিষয়ে মিয়ানমারের শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলার প্রতিশ্রুতি দেন তিনি। 
 
ইত্তেফাক/সাব্বির