ইউনেস্কো মহাপরিচালকের কাছে বাংলাদেশের প্রতিনিধির পরিচয়পত্র পেশ

জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক বিশেষ সংস্থা ইউনেস্কোয় নবনিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি কাজী ইমতিয়াজ হোসেন সংস্থাটির মহাপরিচালক ইরিনা বোকুভার সঙ্গে সাক্ষাৎ করেছেন। গত ৩১ অক্টোবর ইউনেস্কো সদর দফতরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতকালে তিনি ইরিনা বোকুভার কাছে নিজের পরিচয়পত্র পেশ করেন।
 
সাক্ষাতের শুরুতেই শুরুতেই সফলতার সঙ্গে এই পদে ৮ বছর দায়িত্ব পালন সম্পন্ন করায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উষ্ণ অভিনন্দনও জানান কাজী ইমতিয়াজ হোসেন। এ সময়ে বাংলাদেশের সঙ্গে ইউনেস্কোর সম্পর্ক জোরদারে ইরিনা বোকুভার ভুমিকায় ধন্যবাদও জানান তিনি।
 
দায়িত্ব পালনকালে শান্তি, নিরাপত্তা এবং শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ ক্ষেত্রে বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে সহযোগিতা জোরদারে তার ভুমিকার প্রশংসাও করেন বাংলাদেশের এই প্রতিনিধি। ৮ বছরের মেয়াদে তিনবার বাংলাদেশ সফরের মাধ্যমে সংস্থাটির সঙ্গে সম্পর্ক উন্নয়নে ইউনেস্কোর এই কর্মকর্তার ভুমিকার প্রশংসাও করেন তিনি।
 
জবাবে ইউনেস্কো মহাপরিচালক লিঙ্গীয় সমতা, নারী শিক্ষা, নারীর ক্ষমতায়নে বাংলাদেশ নেতৃত্বের প্রশংসা করেন। নতুন স্থায়ী প্রতিনিধির মাধ্যমে বাংলাদেশের সঙ্গে ইউনেস্কোর সম্পর্ক আরও জোরদার হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। স্থায়ী প্রতিনিধি বঙ্গবন্ধুর সাত মার্চের ভাষণকে 'বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য' হিসেবে ঘোষণায় তার গুরুত্বপূর্ণ ভুমিকার জন্য ধন্যবাদ জানান।
 
ইত্তেফাক/কেআই