সঠিক সময়ে প্রয়োজনীয় অর্থনৈতিক তথ্য প্রদান না করায় ভেনিজুয়েলার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। শুক্রবার এই নিষেধাজ্ঞা জারি করা হয়। খবর এএফপি’র।
এই নিষেধাজ্ঞা এমন একটি সময় আসলো যখন ভেনিজুয়েলা সরকার তার দেশে আগামী ১৩ নভেম্বর ১৫ হাজার কোটি মার্কিন ডলারের মতো বিদেশী ঋণ সহায়তা পুনর্বিন্যাস বিষয়ে আলোচনার জন্যে ঋণদাতাদের সভা আহবান করেছে। ওয়াশিংটন ভিত্তিক ঋণদাতা সংস্থা আইএমএফ তার ১৮৯টি সদস্যের অর্থনৈতিক বিষয়াদির ওপর নজর রাখে। কিন্তু গত ১৩ বছর ধরে আইএমএফ ভেনিজুয়েলার বার্ষিক অর্থনৈতিক পর্যালোচনা করতে সক্ষম হয় নি। আইএমএফ বোর্ড আশা প্রকাশ করেছে, এই সিদ্ধান্তের পর সময়মতো ও নিয়মিত তথ্য সরবরাহের মাধ্যমে সংস্থার সঙ্গে দেশটির সম্পর্ক নতুন করে শুরু করার বিষয়ে ভেনিজুয়েলার কর্তৃপক্ষ উৎসাহিত হবে। নতুন এই সম্পর্কে ভেনিজুয়েলাসহ আন্তর্জাতিক সম্প্রদায়ও উপকৃত হবে।
IMG0
আইএমএফ বলেছে, ভেনিজুয়েলা তার সামাজিক নিরাপত্তা প্রতিষ্ঠান, আমদানি ও রপ্তানি এবং অর্থনীতির অন্যান্য মূল নির্দেশক বিষয়ে তথ্য প্রদানে ব্যর্থতার পরিচয় দিয়েছে। কারণ আইএমএফভুক্ত সকল দেশ সংস্থার কার্যকর পর্যবেক্ষণের জন্যে প্রয়োজনীয় তথ্য সরবরাহে বাধ্য। আইএমএফ বোর্ড পদক্ষেপ বাস্তবায়নে ভেনিজুয়েলার অগ্রগতি পর্যালোচনার লক্ষে আগামী ছয় মাসের মধ্যে সভা আহ্বান করবে। এএফপি।
ইত্তেফাক/সেতু