এক সপ্তাহেরও বেশি সময় ধরে শুরু হওয়া টানা বৃষ্টিপাতে ভারতের তামিলনাডু রাজ্যে প্রায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। রাজ্যের রাজধানী চেন্নাইয়ে আটজনসহ রাজ্যজুড়ে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে। এদের অধিকাংশের মৃত্যু হয়েছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে।
রাজ্য সরকার জানিয়েছে, চেন্নাইসহ রাজ্যের উপকূলীয় এলাকাগুলোর বিভিন্ন অংশে শতাধিক ত্রাণশিবির খোলা হয়েছে যেগুলোতে ১০ হাজারেরও বেশি মানুষ আশ্রয় নিয়েছে। বৃষ্টির কারণে পাঁচদিন ধরে চেন্নাই ও রাজ্যের অন্যান্য উপকূলীয় শহরগুলোর স্কুল বন্ধ রাখা হয়েছে। শুক্রবার রাতে ব্যাপক বৃষ্টিপাতের পর শনিবার সকালেও চেন্নাইতে ভারি বৃষ্টিপাতের খবর দিয়েছে এনডিটিভি। উত্তরপূর্ব মৌসুমী বায়ু আসার পর প্রথম সপ্তাহেই গড়পড়তা ৭৪ শতাংশ বৃষ্টিপাত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত কেবল চেন্নাই শহরের কয়েকটি এলাকায় ১৪০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। টানা বৃষ্টির পরও চেন্নাইয়ের বেশিরভাগ এলাকার জমে থাকা পানি সরিয়ে ফেলা সম্ভব হলেও নিচু এলাকা এবং শহরতলির কিছু অংশ জলাবদ্ধ হয়ে আছে।
গত ২৭ অক্টোবর থেকে শুরু হওয়া বৃষ্টির কারণে এ পর্যন্ত অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার দক্ষিণ তামিলনাডুর থিরুভারুর এলাকায় বজ্রপাতে এক কৃষক মারা যান। এদিন তামিল নাডুর মুখ্যমন্ত্রী ই পালানিসোয়ামি এবং তার সহকারী ও পান্নেরস্লেভাম চেন্নাই ও এর শহরতলীর বিভিন্ন এলাকা পরিদর্শনে যান। পালানিসোয়ামি বলেন, তার সরকার এই ‘যুদ্ধ-পরিস্থিতি’ সামলাতে কাজ করছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে তামিলনাডু সরকার জানিয়েছে, কেবল চেন্নাইয়েই ১০৫টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। মঙ্গলবার থেকে কাঞ্চিপুরম, তিরুভাল্লুর ও চেন্নাইয়ের সব স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। ব্যস্ত চেন্নাই বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক আছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
জলাবদ্ধতা সড়ক যোগাযোগ ব্যাহত করছে। বৃষ্টির কারণে সিগনালিং ব্যবস্থায় আংশিক ত্রুটি দেখা দেয়ায় বৃহস্পতিবার রাতে সেইন্ট থমাস মাউন্ট ও কোদামবাক্কাম শহরতলির রেল যোগাযোগ কিছু সময় বিঘ্নিত ছিল; শুক্রবার থেকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। ভারতের সবচেয়ে বড় ও জনপ্রিয় সমুদ্রসৈকত মেরিনা বিচও পানির নিচে তলিয়ে ছিল; তলিয়ে থাকায় এই সৈকতের অস্তিত্ব বোঝার কোনো উপায় ছিল না বলে প্রকাশিত প্রতিবেদনগুলোতে বলা হয়েছে। রাজ্য সরকার জানিয়েছে, চেন্নাইসহ রাজ্যের উপকূলীয় এলাকাগুলোর বিভিন্ন অংশে শতাধিক ত্রাণশিবির খোলা হয়েছে যেগুলোতে ১০ হাজারেরও বেশি মানুষ আশ্রয় নিয়েছে। এনডিটিভি।
ইত্তেফাক/সাব্বির