খালেদা জিয়ার গাড়িবহরে হামলার প্রতিবাদে ফিনল্যান্ড বিএনপির সভা

ফেনী এবং মহিপালে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার প্রতিবাদে ফিনল্যান্ড বিএনপি আয়োজিত সভায় নেতারা বলেছেন, ন্যাক্কারজনক হামলার পর আওয়ামী লীগের নেতাদের নির্জলা মিথ্যাচার এবং রকমারী নাটক তৈরির অপচেষ্টা মানুষের মনে ঘৃণার জন্ম দিয়েছে। হামলা-মামলা করে এ সরকার বিএনপির অগ্রযাত্রা থামাতে পারবে না। ফেনী চট্রগ্রাম কক্সবাজারের পথে পথে লাখো মানুষের ঢল দেখে সরকার দিশেহারা হয়ে পড়েছে।
 
নেতৃবৃন্দ বলেন, খালেদা জিয়া নির্যাতনের মুখে পালিয়ে আসা রোহিঙ্গা উদ্বাস্তদের মানবিক সহায়তার জন্য উখিয়া গিয়েছিলেন। কোন রাজনীতি করতে যাননি। অথচ তাতেও হামলা করে সরকার প্রমাণ করেছে তারা ক্ষমতায় থাকার জন্য হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়েছে। আগামী নির্বাচনে জনগণ ব্যালটের মাধ্যমে প্রতিশোধ নিবে।
 
সভায় প্রধান অতিথি কিশোরগঞ্জ জেলা বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক, অর্থনীতিবিদ শহীদুজ্জামান কাকন বলেন, আওয়ামী লীগের ভ্রান্তনীতির কারণে হামলা হয়েছে।
 
হামলাকারীদের ছবি ও বায়োডাটা সংবাদমাধ্যমে প্রকাশ হলেও তারা ডিফেন্ড করছে। আওয়ামী লীগের নেতাদের প্রচ্ছন্ন মদদে তাদের ক্যাডাররা এই হামলা চালিয়েছে। মিথ্যাচার বন্ধ করে অবিলম্বে চিহ্নিত এসব সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিন। 
 
সভায় সভাপতিত্ব করেন ফিনল্যান্ড বিএনপির সংগ্রামী সভাপতি কামরুল হাসান (জনি)। ফিনল্যান্ড বিএনপির যুগ্ম সম্পাদক ও ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা আসলাম ফকির লিটন এর উপস্থাপনায় বক্তব্য রাখেন ফিনল্যান্ড বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ আলী, ফিনল্যান্ড বিএনপির সাধারণ সম্পাদক সাগর, সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান হীরক,
আবদুর রশিদ, মো. জাহাঙ্গীর, শামীম বেপারী প্রমুখ।
 
ইত্তেফাক/এমআই