সাতক্ষীরার আশাশুনি উপজেলার চাকলায় কপোতাক্ষ নদের বেঁড়িবাধ ভেঙে একটি গ্রামের নিম্নাঞ্চলসহ অর্ধ শতাধিক ছোট-বড় মত্স্য ঘের প্লাবিত হয়েছে। শুক্রবার গভীর রাতে প্রতাপনগর ইউনিয়নের চাকলা গ্রামের হাইলচর এলাকায় ১শ’ হাত বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়।
প্রতাপনগর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন জানান, চাকলা বেড়িবাঁধটি দীর্ঘদিন জরাজীর্ণ অবস্থায় ছিল। পানি উন্নয়ন বোর্ডকে বারবার বলা হলেও তারা কোনো পদক্ষেপ নেননি। এক পর্যায়ে শুক্রবার গভীর রাতে কপোতাক্ষ নদীর প্রবল জোয়ারের চাপে বাঁধটি ভেঙে যায়। এতে চাকলা গ্রামের নিম্নাঞ্চল ও অর্ধ শতাধিক মত্স্য ঘের প্লাবিত হয়।
তিনি আরো জানান, বেড়িবাঁধটি ভেঙে যাওয়ার পর পানি উন্নয়ন বোর্ডকে বলা হলেও তারা এখনও পর্যন্ত বাঁধ সংস্কারে তেমন কোনো ব্যবস্থা নেননি। তবে, স্থানীয় এলাকাবাসীকে সঙ্গে নিয়ে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বেড়িবাঁধটি সংস্কারের কাজ চলছে।
আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা জানান, ঘটনাস্থল পরিদর্শন করে জানান, ক্ষতিগ্রস্ত এলাকায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা নিয়ে জেলা প্রশাসক বরাবর একটি চাহিদাপত্র পাঠানোর প্রস্তুতি চলছে। একই সঙ্গে পানি উন্নয়ন বোর্ডকেও দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।