প্রশান্ত মহাসাগরে একযোগে মহড়া চালাবে ৩ মার্কিন রণতরী

উত্তর কোরিয়া থেকে অব্যাহত পারমাণবিক হামলার হুমকি আসার প্রেক্ষাপটে মার্কিন যুক্তরাষ্ট্র প্রশান্ত মহাসাগরের পশ্চিমাঞ্চলে একযোগে তিনটি বিমানবাহী রণতরীর মহড়া চালাবে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন। মার্কিন প্রেসিডেন্টের এশিয়া সফর শুরু হওয়ার পর এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 
 
মহড়ায় থাকছে যুক্তরাষ্ট্রের ইউএসএস নিমিৎজ, দ্য রোনাল্ড রিগ্যান ও থিওডোর রুজভেল্ট রণতরী। এর সঙ্গে এই জাহাজগুলোকে সহায়তা দেওয়ার জন্য থাকছে আরো রণতরী। গত এক দশকের মধ্যে এই প্রথম তিনটি বিমানবাহী রণতরী একসঙ্গে মহড়ায় অংশ নিতে যাচ্ছে। জাপানি ডেস্ট্রয়ার ইনাজুমা এই নৌবহরকে সহায়তা করবে। জাপানের দুইজন সরকারি কর্মকর্তা এ কথা জানিয়েছেন। 
 
এদিকে সোমবার শেষ হয়েছে জাপান, যুক্তরাষ্ট্র ও ভারতের যৌথ নৌমহড়া। জাপানের ইনাজুমা ও ভারতের দুটি যুদ্ধজাহাজ এবং যুক্তরাষ্ট্রের ইউএসএস রোনাল্ড রিগ্যান জাপান সাগরে ওই মহড়ায় অংশ নিয়েছিল। এর আগে দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ মহড়ায় যোগ দিয়েছিল ইউএসএস রোনাল্ড রিগ্যান।
 
মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন,এই মহড়াটির বিষয়ে আগেই বিবেচনা করা হয়েছিল এবং সে অনুযায়ী করার পরিকল্পনা করা হয়েছে। কবে নাগাদ এই মহড়াটি অনুষ্ঠিত হবে তা  শীঘ্রই জানিয়ে দেওয়া হবে বলে কর্মকর্তারা জানিয়েছেন। চার মার্কিন কর্মকর্তা ও জাপানের দুইটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে এই মহড়া সম্পর্কে জানান। এ ব্যাপারে পেন্টাগন বা নেভি প্যাসিফিক তাদের মন্তব্য থেকে বিরত থাকে। 
 
রবিবার থেকে ১১ দিনের এশিয়া সফরে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সফরকালে তিনি বারবারই উত্তর কোরিয়ার হুমকি ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিষয়ে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন। সোমবার জাপান সফরকালে ট্রাম্প বলেন, উত্তর কোরিয়ার বিষয়ে ‘কৌশলগত ধৈর্য্যর পরীক্ষা’ আমাদের শেষ হয়ে গেছে। তাই এখন সময় এসেছে উত্তর কোরিয়ার দাম্ভিকতার পতন ঘটানো। 
 
ইত্তেফাক/সাব্বির