সৌদি অ্যাটর্নি জেনারেল শেখ সৌদ আল-মোজেব বলেছেন, ডজনখানেক রাজ পরিবারের সদস্য,মন্ত্রী এবং ব্যবসায়ীদের গ্রেফতারের মধ্য দিয়ে সেখানে মাত্র দুর্নীতি বিরোধী অভিযান শুরু হয়েছে। গতকাল এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, দুর্নীতি বিরোধী এ অভিযানের অর্থই হচ্ছে সেখান থেকে দুর্নীতির শিকড় পুরোপুরি উপড়ে ফেলা। এ লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছেন। যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে সম্প্রতি দুর্নীতি বিরোধী এক অভিযান পরিচালিত হয়। সেসময় মোট ৩২ জনকে আটক করা হয়। যার মধ্যে ১১ জন যুবরাজ, চারজন মন্ত্রী এবং ডজনখানেক সাবেক মন্ত্রী রয়েছেন।
এতে আন্তর্জাতিকভাবে খ্যাত বিশিষ্ট ব্যবসায়ী প্রিন্স আলওয়ালিদ বিন তালালও রয়েছেন। অভিযানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও সমর্থন রয়েছে। এ ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘বাদশাহ সালমান ও যুবরাজের প্রতি আমার পূর্ণ আস্থা রয়েছে। তারা যা করছেন তা তাদের বুদ্ধি বিবেচনার আলোকেই করছেন।’
ইত্তেফাক/সাব্বির