হুমকি দিয়ে কিছুই অর্জন হবে না, সৌদিকে ইরান

মধ্যপ্রাচ্যের দুই প্রতিদ্বন্দ্বী দেশ ইরান ও সৌদি আরবের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়  অব্যাহত রয়েছে। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বুধবার সৌদি আরবকে সতর্ক করে বলেছেন, তার দেশকে হুমকি দিয়ে কোনো কিছু অর্জন করা যাবে না। এর আগে সৌদি যুবরাজ মোহাম্মেদ বিন সালমান ইরানের বিরুদ্ধে ‘সরাসরি সামরিক আগ্রাসনের’ অভিযোগ করেছিলেন।
 
সৌদি আরবকে উদ্দেশ্য করে ইরানি প্রেসিডেন্ট বলেন, ‘ইরানের অবস্থান ও ক্ষমতা সম্পর্কে আপনাদের অবশ্যই ধারণা রয়েছে। এখানকার জনগণ এতটাই শক্তিশালী যে, তাদের বিরুদ্ধে কোনো কিছু করার ক্ষমতা আপনাদের নেই। যুক্তরাষ্ট্র ও তাদের মিত্ররা আমাদের ওপর তাদের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করেছে। কিন্তু এর ফল শূন্য।’ ইরানের প্রেসিডেন্ট বলেন, ‘আমরা ইয়েমেন, ইরাক, সিরিয়া, এমনকি সৌদি আরবেরও কল্যাণ ও উন্নয়ন চাই। বন্ধুত্ব, পারস্পরিক সহমর্মিতা ছাড়া আর কোনো বিকল্প পথ নেই।’ সৌদি নেতৃত্বকে উদ্দেশ্য করে তিনি বলেন, যদি ইরানকে বন্ধু না ভেবে যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে বন্ধু ভাবা হয়, তাহলে তা হবে কৌশলগত ভুল।
 
প্রসঙ্গত, সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মেদ বিন সালমান ইরানের বিরুদ্ধে ‘সরাসরি সামরিক আগ্রাসনের’ অভিযোগ করার পর রুহানি এসব কথা বললেন। সালমান অভিযোগ করেছিলেন, সৌদি আরবকে লক্ষ্য করে আক্রমণের জন্য ইয়েমেনের বিদ্রোহীদের কাছে ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে ইরান। যদিও ইরান এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে। রয়টার্স ও আল জাজিরা।
 
ইত্তেফাক/সাব্বির