ইসরাইল কানেকশন

পদ ছাড়তে হলো ব্রিটিশ মন্ত্রী প্রীতি প্যাটেলকে

ইসরাইলের কর্মকর্তাদের সঙ্গে ‘এখতিয়ার বহির্ভুত’ বৈঠক করার জেরে ব্রিটেনের আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী প্রীতি প্যাটেল পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। এর ফলে এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার মন্ত্রিসভায় রদবদল করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী থেরেসা মে। পদত্যাগ করার সময় প্রীতি স্বীকার করেছেন তার কাজকর্মে স্বচ্ছতার অভাব ছিল। বিদেশে ব্রিটেনের আর্থিক সহায়তা বরাদ্দের দায়িত্বে ছিলেন এই মন্ত্রী।

গত সপ্তাহে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে মাইকেল ফ্যালোন পদত্যাগ করার মাত্র সাতদিনের মধ্যে প্রীতি হলেন দ্বিতীয় কেবিনেট মন্ত্রী যিনি পদত্যাগে বাধ্য হলেন। অথচ ভারতীয় বংশোদ্ভুত    এই রাজনীতিকে ক্ষমতাসীন কনজারভেটিভ  পার্টিতে একজন অত্যন্ত প্রতিশ্রুতিশীল ও উদীয়মান রাজনীতিক হিসেবে দেখা হচ্ছিল।

প্রীতি প্যাটেলের এই সমস্যার শুরু গত সপ্তাহে। ওই সময় বিবিসি খবর প্রকাশ করে গত আগস্ট মাসে ইসরাইলে ‘পারিবারিক ছুটি’ কাটাতে গিয়ে তিনি সে দেশের বাণিজ্য ও রাজনীতি জগতের নানা ব্যক্তিত্বের সঙ্গে বৈঠক করেছিলেন। তিনি ওই সফরে সে দেশের একটি প্রধান রাজনৈতিক দলের নেতা ও বিভিন্ন সংগঠনের সঙ্গেও দেখা করেন। ওইসব বৈঠকে সরকারি কাজকর্ম নিয়ে আলোচনা করা হয়। তার এই আচরণ ছিল নিয়মবিরুদ্ধ। কারণ ব্রিটেনের মন্ত্রীরা যদি কোনও বৈঠকে সরকারি কাজকর্ম নিয়ে আলোচনা করতে চান তাহলে সেটা সরকারকে আগাম জানাতে হয়। পরে আরও জানা যায় যে ইসরাইল সফরের সময় তিনি নিজের মন্ত্রণালয়ের কর্মকর্তাদের এটাও দেখতে বলেছিলেন যে অধিকৃত গোলান মালভূমি এলাকায় ইসরাইয়েলি সেনারা যে সব মানবিক অভিযান চালিয়ে থাকে - তাতে ব্রিটেন সহায়তা করতে পারে কি না।

ইত্তেফাক/নূহু