ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো লেবাননের স্থিতিশীলতার উপর জোর দিয়েছেন। সৌদি আরবে এক অনির্ধারিত সফরকালে বৃহস্পতিবার রিয়াদে দেশটির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাতকালে তিনি একথা বলেন।
ইমানুয়েল ম্যাক্রো বলেন, ‘আমি লেবাননের স্থিতিশীলতা ও সংহতির উপর জোর দিচ্ছি। আমার ইচ্ছা হলো- লেবাননের রাজনীনৈতিক ব্যক্তিরা সেদেশে স্বাধীনভাবে বসবাস করবে।’ এছাড়া ফরাসি প্রেসিডেন্ট একথাও জানিয়েছেন যে, লেবাননের প্রধানমন্ত্রী সা’দ হারিরির সঙ্গে তার অনানুষ্ঠানিক যোগাযোগ হয়েছে।
এমন এক সময়ে ফরাসি প্রেসিডেন্ট সৌদি আরব গেলেন যার চার দিন আগেই লেবাননের প্রধানমন্ত্রী সা’দ হারিরি সেদেশ থেকে পদত্যাগের ঘোষণা দেন। ধারণা করা হচ্ছে সৌদি সরকারের চাপে তিনি এই পদত্যাগের ঘোষণা দিয়েছেন। আর সেই ঘোষণার পর এখন সা’দ হারিরি সৌদিতেই গৃহবন্দি আছেন বলে বিশ্ব গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।
এছাড়া ম্যাক্রো ইয়েমেনে সৌদি আরবের অবরোধ নিরসনেও আলোচনা করেন। গত সোমবার ইয়েমেন থেকে ব্যালাস্টিক মিশাইল নিক্ষেপের কথা বলে ইয়েমেনের উপর অবরোধ আরোপ করে সৌদি। এই অবরোধের ফলে ইয়েমেনে ভয়াবহ দুর্বিক্ষের আশঙ্কা করছে জাতিসংঘ।
ইত্তেফাক/কেআই