স্প্যানিশ প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয় বলেছেন, কাতালোনিয়ার আগামী মাসের আঞ্চলিক নির্বাচন বিচ্ছিন্নতাবাদী বিশৃঙ্খলার ইতি ঘটাবে। রবিবার কাতালোনিয়ায় স্বায়ত্তশাসন কেড়ে নেয়ার পরে প্রথম সফরে গিয়ে তিনি এ কথা বলেন।
নিজের সিদ্ধান্তের সমর্থনে রাজয় বলেন, কাতালোনিয়ার নেতারা স্বাধীনতার নেতারা স্বাধীনতা ঘোষণা করে অন্য সব পথ বন্ধ করে দিয়েছিল। কাতালোনিয়ার বেশ কয়েকজন শীর্ষ নেতৃত্ব বর্তমানে কারাবন্দী রয়েছেন। শনিবার কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে বার্সেলোনায় প্রায় সাড়ে সাত লাখ মানুষ বিক্ষোভ প্রদর্শন করেছে।
গত অক্টোবর মাসের ১ তারিখ স্বাধীনতার বিষয়ে গণভোট আয়োজন করে কাতালোনিয়ার আঞ্চলিক সরকার। স্পেনের সাংবিধানিক আদালত সেটি অবৈধ ঘোষণা করে। কাতালোনিয়ার কর্মকর্তারা বলেন, ৯২ শতাংশ ভোট স্বাধীনতার পক্ষে পড়েছে যাতে ৪৩ শতাংশ ভোটাররা অংশ নিয়েছে। স্বাধীনতার বিপক্ষে যারা ছিলেন তাদের অনেকেই ভোট দেননি। আর এই ম্যান্ডেটে ভর করে স্বাধীনতা ঘোষণা করে কাতালোনিয়ার পার্লামেন্ট। এর জবাবে কাতালোনিয়ার পার্লামেন্ট বিলুপ্ত ঘোষণা করে সরাসরি শাসন জারি করে কেন্দ্রীয় সরকার এবং ২১ ডিসেম্বর নতুন নির্বাচনের ঘোষণা দেয়া হয়।
শনিবার বার্সেলোনায় রাজয়ের রাজনৈতিক দল পপুলার পার্টির জনসভায় তিনি বলেন, নিশ্চুপ সংখ্যাগরিষ্ঠদের কণ্ঠ যেন ভোটে প্রতিধ্বনিত হয়। আমাদের অবশ্যই কাতালোনিয়াকে বিচ্ছিন্নতাবাদাদের ধ্বংসস্তূপ থেকে বের করে নিয়ে আসতে হবে। গণতন্ত্রের মাধ্যমে আমরা কাতালোনিয়াকে সবার জন্য পুনরায় প্রতিষ্ঠা করতে চাই। বিবিসি।
ইত্তেফাক/সাব্বির