পদত্যাগী লেবাননি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী

ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জাঁ-ইভেস লা দ্রিয়াঁ সৌদি আরব সফরকালে বৃহস্পতিবার লেবাননের পদত্যাগী প্রধানমন্ত্রী সাদ হারিরি সঙ্গে সাক্ষাৎ করবেন। ফরাসি পররাষ্ট্রমন্ত্রীর একজন সহকারী এ কথা জানান।
 
ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই সহকারী এক ব্রিফিংয়ে বলেন, ‘জাঁ-ইভেস লা দ্রিয়াঁ বুধবার সৌদি আরব পৌঁছে দেশটির রাজধানী রিয়াদে প্রভাবশালী যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং বৃহস্পতিবার লেবাননের পদত্যাগী প্রধানমন্ত্রী সাদ হারিরি সঙ্গে সাক্ষাৎ করবেন।’ তবে তিনি বলেন, এ সাক্ষাতের সময় পরিবর্তিত হতে পারে। সাদ হারিরি কখন দেশে ফিরবেন তা পরিষ্কার নয়।
 
লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন বুধবার অভিযোগ করেছেন সৌদি আরব সাদ হারিরিকে ‘আটক’ করে রেখেছে। সাদ হারিরি গত ৪ নভেম্বর এক আকস্মিক বিবৃতিতে তার পদত্যাগের ঘোষণা দেন। লেবাননের প্রেসিডেন্টের দাপ্তরিক টুইটার একাউন্টে এক টুইটে বলেন, ‘প্রধানমন্ত্রীর ১২ দিন ধরে দেশে ফিরতে না পারা কিছুতেই যুক্তিযুক্ত হতে পারে না। তাই আমরা তাকে আটক এবং বন্দি করে রাখা হয়েছে বলে বিবেচনা করছি, যা জেনেভা কনভেনশনের পরিপন্থী।’
 
সৌদি কর্তৃপক্ষের সঙ্গে দীর্ঘদিনের ঘনিষ্ঠতার জন্য পরিচিত সাদ হারিরি রোববার তার দলের টেলিভিশন চ্যানেলের সঙ্গে এক সাক্ষাৎকারে জোর দিয়ে বলেন যে, তার চলাফেরার স্বাধীনতা রয়েছে এবং তিনি আগামী কয়েকদিনের মধ্যেই দেশে ফিরবেন।
এদিকে লেবাননের পররাষ্ট্রমন্ত্রী জেবরান বাসিল বলেছেন, তার দেশের পদত্যাগী প্রধানমন্ত্রী সাদ হারিরি শুধুমাত্র দেশে ফিরে গেলেই প্রমাণ হবে তিনি স্বাধীন। গতকাল মঙ্গলবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁর সঙ্গে প্যারিসে এক বৈঠকে বাসিল একথা বলেন। তিনি বলেন, ‘আমরা আশা করি চলমান সমস্যার দ্রুত সমাধান হবে এবং সাদ হারিরি দেশে ফিরবেন; দেশে ফেরার পর তিনি যা করতে চান তাই করবেন।’
 
লেবাননের বিরুদ্ধে সৌদি আরবের সম্ভাব্য সামরিক হস্তক্ষেপ প্রসঙ্গেও কথা বলেন বাসিল। তিনি বলেন, এ ধরনের পদক্ষেপ শুধু লেবাননের জনগণের জন্য নয় বরং তা পুরো মধ্যপ্রাচ্যের জন্য শাস্তিস্বরূপ হয়ে দেখা দেবে। কারণ, লেবাননের যেকোনো ধরনের অস্থিতিশীলতা গোটা মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তুলবে। এর আগে সাদ হারিরি এক টুইটার বার্তায় বলেছেন, আগামী দু’একদিনের মধ্যে তিনি দেশে ফিরবেন। এএফপি।
 
ইত্তেফাক/সাব্বির