মার্কিন নেতা জেসি জ্যাকসন পার্কিনসনস রোগে আক্রান্ত

মার্কিন নাগরিক অধিকার নেতা জেসি জ্যাকসন পারকিনসনস রোগে ভুগছেন। শুক্রবার এক ঘোষণায় তিনি একথা জানিয়ে বলেন, ‘এই রোগের কারণে প্রাত্যহিক কাজ করা আমার পক্ষে ক্রমেই কঠিন হয়ে পড়ছে।’ 
 
৭৬ বছর বয়সী এই ব্যাপটিস্ট মন্ত্রী এক সময়ে আফ্রিকান আমেরিকানদের সম-অধিকার আদায়ে মার্টিন লুথার কিং জুনিয়রের সঙ্গে কাজ করেছেন। বর্তমানে তিনি শিকাগোর একটি অলাভজনক প্রতিষ্ঠানের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। জ্যাকসন এক বিবৃতিতে বলেন, ‘প্রায় তিনবছর আগে আমার শরীরে নানা পরিবর্তন দেখা যেতে শুরু করে। আমি একজন চিকিৎসকের সঙ্গে দেখা করি।’ তিনি আরো বলেন, ‘স্বাস্থ্য পরীক্ষার পর চিকিৎসক আমার দেহে পারকিনসনস রোগ সনাক্ত করেন।’
IMG0
উল্লেখ্য, তার বাবাও এই রোগে আক্রান্ত হয়ে মারা যান। জ্যাকসন বলেন, ২০১৫ সালে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এরপর থেকেই তার ‘দৈনন্দিন জীবনযাত্রায় পরিবর্তন’ এসেছে। তিনি এই রোগের ছড়িয়ে পড়া ঠেকাতে ফিজিক্যাল থেরাপি নিচ্ছেন। কিংবদন্তী মুষ্টিযোদ্ধা মুহাম্মদ আলী, অভিনেতা মাইকেল জে. ফক্স ও পোপ দ্বিতীয় জন পলসহ বেশ কয়েকজন বিখ্যাত ব্যক্তি এই রোগে আক্রান্ত হয়েছিলেন। এএফপি।
 
ইত্তেফাক/সেতু