ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ ও প্রিন্স ফিলিপ আসছে ২০ নভেম্বর তাদের ৭০তম বিবাহবার্ষিকী উদযাপন করতে যাচ্ছেন। চার সন্তানের মধ্যে তিনজনেরই (চার্লস, অ্যানি ও অ্যান্ড্রু) বিবাহ বিচ্ছেদ হলেও এই রাজ দম্পতি কয়েক দশক ধরে একই সঙ্গে বসবাস করে আসছেন। তাদের দাম্পত্য জীবনে কোনো ধরনের কলহ বা দ্বন্দ্বের কথা জানা যায়নি।
IMG0
এখন, তারা সাত দশক পূর্ণ করা দম্পতিদের কাতারে শামিল হলেন। তবে তাদের এই বিয়ে বার্ষিকী উদযাপনে কোনো অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়নি। কেবল বিয়ের ৭০ বছর পূর্তি উপলক্ষে গ্রিনিচ মান সময় ১৩টায় ওয়েস্টমিনিস্টার অ্যাবের ঘণ্টা বাজানো হবে। বার্কিংহাম প্রাসাদের এক মুখপাত্র জানান, এলিজাবেথ ও ফিলিপ দিনটি রাজপরিবারের অন্য সদস্যদের সঙ্গে কাটাবেন।
IMG1
৯৬ বছর বয়সী ডিউক অব এডিনবরা প্রিন্স ফিলিপ চলতি গ্রীষ্মকালের পর আর জনসম্মুখে আসেন নি। তিনি বই পড়ে ও ছবি এঁকে অবসর সময় পার করছেন। রানী দ্বিতীয় এলিজাবেথ তার দায়িত্ব ধীরে ধীরে তার বড় ছেলে প্রিন্স চালর্সকে বুঝিয়ে দিচ্ছেন। প্রিন্স চার্লসের বয়স ৬৯ বছর। ১৩ বছর বয়সী এলিজাবেথের সঙ্গে ১৮ বছর বয়সী সেনা কর্মকর্তা ফিলিপের প্রথম দেখা হয়। ১৯৪৭ সালের ২০ নভেম্বর ওয়েস্টমিনিস্টারে তাদের বিয়ে হয়। এএফপি।
ইত্তেফাক/সেতু