লোহাগড়ায় দু’পক্ষের সংঘর্ষে আহত পাঁচ

লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা

লোহাগড়ায় প্রেমের বিয়েকে কেন্দ্র করে শুক্রবার বিকালে পুলিশের উপস্থিতিতে দু’পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন।

জানা গেছে, উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের কল্যাণপুর গ্রামের দ্বিজেন বিশ্বাসের ছেলে দেবাশিষ বিশ্বাস একই গ্রামের বলাই বিশ্বাসের মেয়ে মনিষা বিশ্বাসের সঙ্গে প্রেম ও নোটারি পাবলিকের মাধ্যমে বিয়ে করে বাড়িতে নিয়ে যায়। এ ঘটনায় মেয়ের বাবা বলাই বিশ্বাস গত বৃহস্পতিবার লাহুড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রে মেয়েকে দেবাশিষ অপহরণ করে নিয়ে গেছে বলে অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে লাহুড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই শফিক সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনার দিন দেবাশিষের বাড়িতে যায়। এ সময় মনিষাকে উদ্ধার করে অপহরণ না বিয়ে সে বিষয়ে জিজ্ঞেস করে এবং কাগজপত্র দেখার এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন হাতুড়ি, রামদা, লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।