ইয়েমেনে গতমাসে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে কমপক্ষে ৭১৬টি মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে। হুতি বিদ্রোহী ও সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনী উভয়ই এসব ঘটনার জন্য দায়ী বলে জেনেভাভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা এসএএম জানিয়েছে।
রবিবার এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, মানবাধিকার লঙ্ঘনগুলোর মধ্যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, শারীরিক নির্যাতন, নির্বিচারে আটক, জোরপূর্বক স্থানচ্যুতি, নির্যাতন এবং সংবাদমাধ্যমের স্বাধীনতা লঙ্ঘনের ঘটনাসমূহ রয়েছে। এরকম পাঁচশরও বেশি ঘটনার জন্য ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের দায়ী করা হয়েছে, যারা বর্তমানে ইয়েমেনের রাজধানী সানা নিয়ন্ত্রণ করছে। অপরদিকে কমপক্ষে একশটি মানবাধিকার লঙ্ঘনের ঘটনার জন্য সৌদি নেতৃত্বাধীন জোটকে দায়ী করা হয়েছে।
এসএএমের দেওয়া তথ্য অনুসারে, অক্টোবর মাসে দেশটিতে সব মিলিয়ে ১১৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এছাড়া ১৪০ জন মানুষকে বাছবিচারহীনভাবে আটকের ঘটনা জানিয়েছে সংস্থাটি। প্রসঙ্গত, হুতি বিদ্রোহী এবং সাবেক প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহের অনুগত বাহিনীর হাতে আগে থেকেই কয়েক হাজার মানুষ আটক রয়েছেন। এসএএমের প্রতিবেদনে এ ধরনের সব ঘটনাকে আন্তর্জাতিক মানবাধিকার আইনের ‘সরাসরি লঙ্ঘন’ বলে অভিযোগ করা হয়েছে। আল জাজিরা
ইত্তেফাক/সাব্বির