বিমানবন্দরে ব্যাগে মাথা রেখেই ঘুমালেন ধোনি-সাক্ষী

আইপিএল মানেই চার ছক্কার ফুলঝুরি। পরপর ম্যাচ। একদিনের বিরতিতে আরেকটা ম্যাচ খেলতে নেমে পড়া। এক শহর থেকে অন্য শহর ছুটে বেড়ানো। মঙ্গলবার চিপকে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে আইপিএলের শীর্ষে রয়েছে চেন্নাই সুপার কিংস। কিন্তু জয় উপভোগ করা দূরের কথা। খেলা শেষে গোটা দলকে যেতে হল বিমানবন্দরে।

বুধবার ভোরে চেন্নাই দল উড়ে গেল জয়পুরে। বৃহস্পতিবার খেলতে হবে রাজস্থানের বিরুদ্ধে। খেলা শেষে বিশ্রামের সময়ও পাননি ক্রিকেটাররা। চেন্নাই বিমানবন্দরে গিয়ে লাউঞ্জে তো ধোনি ঘুমিয়েই পড়লেন। সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন ধোনি।

সেখানে দেখা যাচ্ছে, শুধু ধোনি নন, স্ত্রী সাক্ষীও ঘুমিয়ে পড়েছেন। ব্যাগের উপর মাথা দিয়েই ঘুমাচ্ছেন স্বামী–স্ত্রী। ক্যাপশনে ধোনি লিখেছেন, ‘‌রাতের খেলার পর বিমান ধরার তাড়া থাকলে এই অবস্থা হয়।’‌

আরো পড়ুন: বিশ্বে ৪৩ জনের শরীরে রয়েছে দুর্লভ এই গ্রুপের রক্ত

অতীতেও বিমানবন্দরে ধোনির ঘুমানোর ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। একবার তো টিম ইন্ডিয়ার হয়ে ব্যাট করতে নেমে মাঠেই ঘুমিয়ে পড়েছিলেন। অপর ক্রিকেটারের চলছিল শুশ্রুষা। সেই ফাঁকে ধোনি নেন ঘুমিয়ে। সে ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। এবার আর শুধু ধোনি নন। স্ত্রী সাক্ষীও পড়লেন বিমানবন্দরে ঘুমিয়ে।

ইত্তেফাক/বিএএফ