ইয়েমেনে বিদ্রোহীদের অস্ত্র দিচ্ছে হিজবুল্লাহ, আরব লীগের এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছেন লেবাননের সশস্ত্র গ্রুপটির নেতা হাসান নাসরাল্লাহ। সোমবার বৈরুত থেকে টেলিভিশনে দেওয়া এক বক্তৃতায় নাসরাল্লাহ আগের দিন আরব লীগের পররাষ্ট্রমন্ত্রীদের করা ওই অভিযোগকে ‘হাস্যকর’ বলে অভিহিত করেন।
মিসরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত বৈঠকে মধ্যপ্রাচ্যে সংঘাত সৃষ্টির জন্য ইরান ও লেবাননি সশস্ত্র গ্রুপ হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযোগ করেছিলেন আরব লীগের নেতৃবৃন্দ। চূড়ান্ত বিবৃতিতে হিজবুল্লাহকে ‘আধুনিক অস্ত্রশস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রসহ আরব দেশগুলোর চরমপন্থি গ্রুপগুলোকে সমর্থনের’ জন্য দায়ী করা হয়। এ সম্পর্কে নাসরাল্লাহ বলেন, ‘ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অথবা আধুনিক অস্ত্রশস্ত্র তো নয়ই, এমনকি কোনো আগ্নেয়াস্ত্র আমরা ইয়েমেনে না, বাহরাইনে না, কুয়েতে না, ইরাকে না ...অথবা অন্য কোনো আরব দেশে পাঠাইনি।’ তিনি বলেন, শুধুমাত্র যে জায়গাগুলোতে হিজবুল্লাহ অস্ত্র পাঠিয়েছে, সেগুলো হল প্যালেস্টাইন ও সিরিয়া। হিজবুল্লাহর কাছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নাই বলেও জানান সংগঠনটির এই শীর্ষ নেতা।
হিজবুল্লাহর মিত্র ইরানের সঙ্গে সৌদি আরবের উত্তেজনা বৃদ্ধির মধ্যেই নাসরাল্লাহর এই বক্তব্য আসলো। লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরির পদত্যাগের ঘোষণার পর ইরান-সৌদির মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়। এর আগে ইয়েমেন থেকে রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কয়েক ঘন্টার পর পদত্যাগের ঘোষণা দেন সাদ হারিরি। আল জাজিরা।
ইত্তেফাক/সাব্বির